২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতো দমনের পরেও আদিবাসী মানুষ ঘুরে দাঁড়াবেই: সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পাহাড়ে এতো দমন-নিপীড়নের পরও আমি আশাবাদী। কারণ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পাহাড়িদের সংগ্রাম থেমে নেই। আমরা মানুষের সকল অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। আদিবাসী মানুষ একদিন ঘুরে দাঁড়াবেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আঞ্চলিক পরিষদের বনানীর কার্যালয়ে বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের আদিবাসীরা গণতান্ত্রিক ও অসা¤প্রদায়িক সরকার গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, আদিবাসী অধ্যুষিত অন্যান্য অঞ্চলে যেনো আদিবাসী অধিকার রক্ষা হয়, সে জন্যেও আদিবাসী নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কেননা গণমুখি সরকার প্রতিষ্ঠা না হলে পার্বত্য শান্তিচুক্তি যেমন বাস্তবায়িত হবে না, তেমনি প্রতিষ্ঠা হবে না সারা দেশের আদিবাসীদের অধিকার।

এক প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, ভোটার তালিকার প্রশ্নে আমরা শান্তিচুক্তি অনুযায়ী দাবি করে আসছি, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি ভোটার তালিকায় পাহাড়ের সব ধরনের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন আমাদের দাবি মানছে না। এ অবস্থায় সরাসরি আমরা নির্বাচনে অংশ নেবো কি-না, তা দলগত সিদ্ধান্তের বিষয়।

১৪ দলের তত্ত¡াবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবকে আপনি সমর্থন করেন কি না?-এ প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, ওই সংস্কার পদ্ধতি যদি ক্ষমতার রাজনীতিতে শুধু কোনো দলীয় পরিবর্তন না এনে গুণগত পরিবর্তন আনে, তবে অবশ্যই আমরা তাকে সমর্থন করি।

তিনি বলেন, দলীয় স্বার্থের বাইরে থাকার জন্যে জাতীয় সরকার গঠন করা জরুরি হয়ে পড়েছে। কেননা একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল চেতনার জাতীয় সরকার মেহনতি ও পেশাজীবী মানুষের স্বার্থের পাশাপাশি আদিবাসী স্বার্থও রক্ষা করতে পারে।

সারা দেশে জঙ্গি মৌলবাদের উত্থানের বিষয়ে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামকে জঙ্গিরা দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এটি সরকার ও আইন -শৃক্সখলা রক্ষাকারী বাহিনীগুলোর অগোচরে হয়নি। কিন্তু এতদিন তারা চুপ করে থেকেছে।

তিনি বলেন, এর কুফল এখন শুধু পার্বত্যাঞ্চলের ওপর পড়েছে না, জঙ্গিরা এখন পুরো বাংলাদেশকেই গিলে খেতে চাইছে। পার্শ্ববর্তী ভারত ও মায়ানমারেও এর কুফল পড়বে।

আরেক প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, পাহাড়ে জঙ্গি তথা সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রেখে একটি বিশেষ মহলকে সেখানে স্থায়ীভাবে টিকিয়ে রাখা হচ্ছে। এই বিশেষ মহলটি একই কারণে শান্তিচুক্তিবিরোধী ‘সমঅধিকার আন্দোলন’ ও ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) গঠন করেছে।