জোট সরকার কারচুপি করে ক্ষমতায় ফিরতে ইসি দলীয়করণ ও সরকারি বাহিনী দিয়ে জঙ্গি লালন করছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে ভোট পাবে না বলে বিএনপি জামাত জোট সরকার ভোট কারচুপি করতে নির্বাচন কমিশন (ইসি)সহ প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করছে। তারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জঙ্গি সন্ত্রাসীদের লালন পালন করছে এবং বিনা বিচারে মানুষ হত্যা করছে।
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নেন।
জোট দুঃশাসন ও বর্তমান দুঃসহ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষকে সাহসী হয়ে চলমান আন্দোলন জোরদার করতে ঐক্যবদ্ধ হতে হবে।
সাবেক সামরিক কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আওয়ামী লীগসহ বিরোধী দলের সংস্কার প্রস্তাব এবং চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
তারা বলেন, বর্তমান জোট সরকার নির্বাচন কমিশনকে দলীয়করণ করে নীলনকশার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চালাচ্ছে। র্যাব দিয়ে নির্বিচারে বিনা বিচারে মানুষ হত্যা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের দক্ষতা, অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞা জাতির জন্যে গুরুত্বপূর্ণ সম্পদ। দেশের স্বার্থে এই সম্পদের যথাযথ মূল্যায়ন করতে আমরা বদ্ধপরিকর। তিনি আগামীতে জনসাধারণের ভাগ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে সাবেক কর্মকর্তাদের স্বার্থ পরিপূর্ণভাবে রক্ষার প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগ প্রধান বলেন, জাতির এই দুর্দিনে যখন সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তখন এই জাতীয় সংহতিকে সুদৃঢ় করতে আপনাদের সহযোগিতা ও সমর্থন দেশ ও জাতি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্যে সহায়ক হবে।
মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আজ সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে আমরা গর্ব করতে পারি। স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে যে কয়টি কাজকে অগ্রাধিকার দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল সামরিক বাহিনীকে কার্যকর ও শক্তিশালী করা।
শেখ হাসিনা তার পাঁচ বছরের শাসনামলে সামরিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, সেনাবাহিনীকে সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা বেশ কয়েকটি ইউনিয়ন ও ফরমেশন প্রতিষ্ঠা করি। এছাড়াও আমাদের সময় এপিসি, মিগ-২৯ বিমানসহ ফাইটার বিমান, বিএনএস বঙ্গবন্ধুসহ যুদ্ধ জাহাজ, রাডার, সামরিক বাহিনীর জন্যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জাম এবং সমরাস্ত্র ক্রয় ও সংযোজন করা হয়।
তিনি বলেন, দুঃখজনক হচ্ছে- সামরিক বাহিনীর জন্যে আমাদের সরকারের গৃহীত উন্নয়ন পদক্ষেপ এবং পরিকল্পিত উন্নয়ন ধারাবাহিকতা প্রতিহিংসা পরায়ন জোট সরকার বজায় রাখেনি। তারা ব্যস্ত রয়েছে শুধু ব্যবসা করে জনগণের অর্থ সম্পদ লুট এবং বিদেশে পাচার করতে। দেশ ও জনগণের স্বার্থে তাদের যেন কোনো দায়িত্বই নেই। দুর্নীতি করে কামানো অর্থ সম্পদ রক্ষা করতে এখন তারা আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে ব্যবহার করছে। নির্বাচনে কারচুপি করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।
এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলামের পরিচালনায় এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল ওয়াহাব, মেজর জেনারেল মোসাহেব হোসেন, মেজর জেনারেল আবুল হোসেন, মেজর জেনারেল শাহাবুদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল আজিম মালিক, সাবেক নৌ কর্মকর্তা কমোডর আজিম, কমোডর হারুন এবং সাবেক বিমান কর্মকর্তাদের মধ্যে এয়ার কমোডর শামীম, এয়ার কমোডর ইকবাল, এয়ার কমোডর জাকি প্রমুখ।
