জাতীয় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ বাড়তে পারে
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য অষ্টম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের মেয়াদ আরো কয়েকদিন বাড়তে পারে।
প্রায় এক বছর ধরে সংসদ বর্জনের পর রোববার সংসদে যোগ দেয়া দেশের প্রধান বিরোধী দলের দাবির প্রেক্ষিতে অধিবেশনের সময়সীমা আগামী ১৬ ফেব্রুয়ারির পরেও বাড়নো হতে পারে।
সোমবার মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলের নীতিনির্ধারকরা যাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্য সভাপতির কাছে অধিবেশনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। তিনি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ৩০ ঘন্টায় উন্নীত করার জন্য আবেদন করেন যা পূর্বে ২০ ঘন্টা নির্ধারিত হয়েছিল।
সদস্যরা এ পর্যন্ত মাত্র সাত ঘন্টা আলোচনা করেছেন।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া জানান, সংসদের নিয়ম অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো যেতে পারে।
ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী বলেন, ১৬ ফেব্রুয়ারি কার্য উপদেষ্টা পরিষদ আলোচনায় বসে এই প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
