চট্টগ্রামে জাতীয় পার্টির কয়েকশ’ নেতা- কর্মীর পদত্যাগ
বন্দর নগরী চট্টগ্রামে সোমবার জাতীয় পার্টি এবং এর অঙ্গসংগঠনের (এরশাদ) কয়েকশ’ নেতা কর্মীরা পদত্যাগ করে প্রতিপক্ষ বিদিশার দলে যোগ দেওয়ার ঘোষনা দিয়েছেন।
এর আগে সাংবাদিক সম্মেলনে, নেতা কর্মীরা এরশাদকে সরকারের দালাল বলে আখ্যায়িত করেন। তারা বলেন, গ্রেপ্তার হওয়ার ভয়েই এরশাদ তার প্রিয় স্ত্রী বিদিশাকে ডিভোর্স দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
“এরশাদের এই কাপুরুষিত নেতৃত্বে কোন আত্ম নিয়োজিত কর্মীর পক্ষে দলে অবস্থান করা সম্ভব নয়। তার পক্ষে জাতিকে কোন কিছুই উপহার দেয়া অসম্ভব”, নগর জাতীয় পার্টি নেতা তপন চক্রবর্তী এ কথা বলেন।
জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে জানানো হয়, দলের বারো শতাধিক নেতা কর্মী একযোগে পদত্যাগ করে বিদিশার নেতৃত্বাধীন দলে যোগ দিতে যাচ্ছেন।
শিগগিরই বিদ্রোহী নেতা কর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করবেন। বিদিশার আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম আসার কথা রয়েছে।
সমাবেশ চলাকালে একটি অটোরিক্সা যোগে কয়েকজন দুষ্কৃতিকারি ওই স্থানে পৌঁছে দুটি গাড়ি ভাংচুর করে।
পুলিশ জাতীয় পার্টির (এরশাদ) যুব কমিটির নেতা ওসমান গনিকে আটক করেছে।
