২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ফেব্রুয়ারি বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহার করতে মান্নান ভুঁইয়ার আহ্বান

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া সোমবার বিরোধী দলের ডাকা ১৫ ফেব্রুয়ারির হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

“এটা বোরো ধান উঠানোর সময়। যদি সময়মতো উৎপাদন, পোকামাকর নিরোধক এবং জ্বালানির ব্যবস্থা না করা যায় তাহলে ধান উৎপাদনে বিঘ্ন ঘটবে এবং তা দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে। দেশের উন্নয়ন এবং কৃষকদের অবস্থার কথা বিবেচনা করে হরতাল উঠিয়ে নিন”- মন্ত্রী বলেন।

রাজধানীর নয়াপল্টনে ‘মালিবাগ হত্যাকাণ্ড’ স্মরণে মতিঝিল থানা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দলের হরতালের কারণে দেশে যদি কোন রকম সংকটের সৃষ্টি হয় তাহলে সব কিছুর দায়দায়িত্ব বিরোধী দল আওয়ামী লীগকেই নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ এক দিকে জাতীয় সংসদে তত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব উত্থাপন করেছে, অন্যদিকে তারা ১৫ ফেব্রুয়ারি হরতাল ডেকেছে।

তিনি বলেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা প্রধান বিরোধী দল বিএনপি’র সঙ্গে আলাপআলোচনা ছাড়াই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিযুক্ত করেছিলেন। আমরা প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে দেশের নির্বাচন সংক্রান্ত যেকোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই”।

এলজিআরডি মন্ত্রী বলেন, সরকার বিএনপি’র নেতা- কর্মীদের হত্যাকারীদের ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার মালিবাগ হত্যাকাণ্ডে মিথ্যা মামলা দায়ের করিয়ে বিএনপি’র লোকজনকে গ্রেপ্তার করেছে। জনগণ এই হত্যাকান্ডের মূল হেতাদের ক্ষমা করবেনা এবং তার প্রমানও তারা ২০০১ সালের নির্বাচনে দেখিয়েছে”।

মতিঝিল থানা সভাপতি সাজ্জাদ জহিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আবাসন এবং গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লা বুলু, বিএনপি’র দফ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যুবদল সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায় এবং সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন এমপি, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফুল বারি বাবু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এদিকে, বঙ্গবন্ধু এভিন্যিউতে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ঢাকা বিভাগীয় ইউনিটের উদ্যোগে সভায় এর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ১৫ ফেব্রুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন।

সভায় ১৪ দলের সকল নেতা এবং কর্মীদের প্রতি হরতাল সফল করার আহ্বান জানান।