ছাত্র অভ্যুত্থান দিবস মঙ্গলবার
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী ছাত্র অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে।
১৯৮৩ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় জাফর, জয়নাল, আইয়ুব, মোজাম্মেলসহ বেশ ক’জন ছাত্র নিহত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হবে। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেমিনার কক্ষে তখনকার যেসব ছাত্র নেতা ও কর্মী গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের একটি পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্যে ১৯৮২- ৮৩ সালের ছাত্র নেতারা এক যৌথ বিবৃতিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিদানকারীদের মধ্যে রয়েছেন, আখতারুজ্জামান, মনিরউদ্দিন আহমেদ, ফজলুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, খন্দকার এম ফারুক, ফজলে হোসেন বাদশা, কেএম জাহাঙ্গীর, আবুল হাসিব খান, বাহালুল মজনু চুন্নু, মিজানুর রহমান মানু, আনোয়ারুল হক, আতাউর রহমান ঢালী, খবিরুদ্দিন আহমেদ, মোস্তাক হোসেন, জহিরুদ্দিন স্বপন এমপি ও নুরুল কবির।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এবং দেশের সকল প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে।
