২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহম্মাদকে (সা.) নিয়ে কার্টুন: সংসদে সর্বসম্মতক্রমে নিন্দা প্রস্তাব পাশ

ডেনমার্ক ও ইউরোপের কয়েকটি পত্রিকায় বিশ্বনবী হযরত মোহম্মদকে (সাঃ) নিয়ে কার্টুন ও ব্যঙ্গ চিত্র প্রকাশের ঘটনায় রোববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে সংশোধিত আকারে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

প্রস্তাবে বলা হয়, সমগ্র বিশ্বের মুসলমানরা এ ঘটনায় আহত হয়েছে। সংসদ এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং ওই সব দেশের সরকার পত্রিকাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাপ্রকাশ করা হয়।

নিন্দা প্রস্তাবটি ১৪৭ বিধিতে আলোচনার জন্যে সংসদে উপস্থাপন করেন, আলহাজ নুরুল ইসলাম মনি।

প্রস্তাবে তিনি বলেন, মহানবীর (সাঃ) ওপর কার্টুন ও ব্যঙ্গ চিত্র প্রকাশ করা ধৃষ্টতাপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষপ্রসূত কাজ। বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান এতে মর্মাহত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের মনোকষ্টের কারণ হয়েছে।

প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সরদার সাখাওয়াত হোসেন বুকুল, আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, খ.ম. জাহাঙ্গীর হোসেন, জহিরউদ্দিন স্বপন, শাজাহান খান, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহান, কর্নেল (অবঃ) ফারুক খান, দেলোয়ার হোসেন সাঈদী, উপধ্যক্ষ আব্দুস শহীদ প্রমুখ।

প্রস্তাবে সংশোধনী উত্থাপন করেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি তার প্রস্তাবে ওই কার্টুন ও ব্যঙ্গচিত্রগুলো সকল ধর্মবর্ণ মানুষকে মর্মাহত করেছে-এ বিষয়টি সংযোজন করার কথা বলেন।

তার প্রস্তাব মেনে নিয়ে সংশোধিত আকারে নিন্দা প্রস্তাবটি সংসদে পাশ হয়।