২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ডিভিশনাল স্পেশাল জজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট দাখিল

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্যে ঢাকা ডিভিশনাল স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

রেজাউল করিম খান চুন্নুর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম জনস্বার্থে বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটটি দাখিল করেন।

সোমবার এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম।

পিটিশনে আইন মন্ত্রণালয়, রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও রেজাউল করিম খান চুন্নুকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

পিটিশনে বলা হয়, রেজাউল করিম খান চুন্নু আজকাল কিশোরগঞ্জে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নিজেকে আসন্ন সাধারণ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বলে পরিচয় দিচ্ছেন।