২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় সংবাদ সম্পাদকের আগাম জামিন লাভ

দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমানের বিরুদ্ধে জামালপুরে দায়েরকৃত মানহানি মামলায় হাইকোর্ট রোববার তাকে আগাম জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বজলুর রহমানের দায়ের করা একটি পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশনাল বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে এ মামলায় আবেদনকারীকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকারের প্রতি একটি রুলনিশি জারি করেন।

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আগাম জামিন আদেশ বহাল থাকবে।

২০০৫ সালের ২ জুলাই দৈনিক সংবাদে ‘জামালপুর বিএনপিতে অন্তর্কোন্দল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, জামালপুর বিএনপির প্রচার সম্পাদক মোশাররফ হোসেনের বিরুদ্ধে কুয়েতে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি কুয়েত থেকে পালিয়ে দেশে চলে আসেন।

এ প্রতিবেদন প্রকাশের পর মোশাররফ হোসেন ২০০৫ সালের ৩ জুলাই সংবাদের সম্পাদক বজলুর রহমান এবং জামালপুর জেলা প্রতিনিধি উৎপল কান্তি ধরের বিরুদ্ধে জামালপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

মামলার শুনানির পর বজলুর রহমানের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তীতে পুলিশকে তার (বজলুর রহমান) বাড়ির মালামাল ক্রোক করার নির্দেশ দেন।

তবে এ মামলায় উৎপল কান্তি ধর নিু আদালত থেকেই জামিন লাভ করেন।

সংবাদের সম্পাদক বজলুর রহমান রোববার সশরীরে হাইকোর্টে হাজির হয়ে এ মামলায় আগাম জামিনের আবেদন জানান।

বজলুর রহমানের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আদালতকে বলেন, আবেদনকারীর (বজলুর রহমান) বিরুদ্ধে নিু আদালত ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাই জামিনের জন্যে নিু আদালতে হাজির হলে তিনি হয়রানির শিকার হতে পারেন।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান ও অ্যাডভোকেট ফয়েজ আহমেদ।