মহানবীর (স.) ব্যাঙ্গচিত্র: সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণে ইসলামী নেতৃবৃন্দের দাবি
দেশের ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ শুক্রবার এক সমাবেশে ডেনিশ পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদকে (স.) ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশের ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছেন।
তারা অভিযোগ করেন, এ ঘটনায় বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র নিন্দা প্রস্তাব গ্রহণ করলেও বাংলাদেশের জোট সরকার এ ধরনের কোনও পদক্ষেপ না নিয়ে দেশের মুসলমানদের অনুভুতিতে আঘাত করেছেন।
বায়তুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত সমাবেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিযবুত তাহরীর বাংলাদেশ, জামায়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জমিয়াতুল মাদাররেছিন, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান ফজলুল করিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক মুরাদ, আবদুর রাকিব, আবদুল বাসার, হাবিবুর রহমান, আবদুর রহমান ও মুহিউদ্দিন খান।
বক্তারা সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিন্দা প্রস্তাব গ্রহণে জোট সরকারের অনাগ্রহের প্রতিবাদে মুসলিম সংসদ সদস্যদের সংসদ বর্জন করা উচিত।
বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি কেউ যাতে অসম্মান প্রদর্শনের সাহস না পায়, সেজন্যে সরকারের ব্লাসফেমি আইন পাস করা উচিত।
তারা বলেন, সরকার সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ না করা এবং ডেনমার্ক সরকার মুসলমানদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
