ব্যাংককের হাসপাতালে সাবেক মেয়র হানিফের চিকিৎসা চলছে
ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফের চিকিৎসা চলছে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
শনিবার দলীয় সূত্রে ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার রাত সোয়া ন’টায় তিনি ব্যাংকক পৌঁছেন। এরপর তার প্রয়োজনীয় পরীক্ষার কাজ শুরু হয়। পরীক্ষা রিপোর্ট শনিবার রাতের মধ্যে পাওয়ার পর পরবর্তী চিকিৎসার কাজ শুরু হবে।
এর আগে বামরুনগ্রাদ হাসপাতালের তিনজন চিকিৎসকসহ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার বিকাল ৪ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসক দল বারডেমের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার অবস্থা সম্পর্কে অবহিত হন। সেখানে তারা নিজস্ব কায়দায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করেন।
বিকাল ৫ টায় একটি অ্যাম্বুলেন্সে করে সাবেক মেয়রকে হাসপাতাল থেকে জিয়া বিমানবন্দরে নেওয়া হয়। বামরুনগ্রাদ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সটি হানিফকে নিয়ে সাড়ে ৫ টায় ব্যাংককের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।
হানিফের সঙ্গে তার পুত্র সাঈদ খোকন এবং একজন নিকটাতœীয় রয়েছেন।
দলীয় সূত্র জানায়, মোহাম্মদ হানিফের স্ত্রী, কন্যা এবং কয়েকজন পরিবার সদস্য রোববার ব্যাংকক যেতে পারেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম শুক্রবার দুপুরেই ব্যাংকক যান। মহানগরের অপর নেতা আলহাজ্ব মকবুল হোসেন শনিবার ব্যাংককের উদ্দেশে রওয়ানা হন।
রাজধানীতে বুধবার ১৪ দলের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মোহাম্মদ হানিফ আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে গত দুদিন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।
