আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী!
সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কি বাংলাদেশের প্রধানমন্ত্রী!
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নতুন বাজার বাসস্ট্যান্ডে এক জনসভায় শুক্রবার কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওয়াহেদ তার বক্তব্যের সময় বারবার ক্ষমতাসীন জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।
আলী আহসান মুজাহিদকে বারবার প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করায় জনসভায় উপস্থিত শ্রোতাদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে যায়। এ সময় মঞ্চে বিএনপি’র জেলা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মঞ্চে উপস্থিত জামায়াত সাংসদ মাওলানা আব্দুস সোবহান, পাবনা জেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতাকে এ সময় বেশ লজ্জিত দেখায়। অধ্যাপক ওয়াহেদের এরকম ভুল সংশোধন করে দিতে তাদেরকে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেও দেখা যায়। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
তিনি আবারও মুজাহিদকে প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেন।
পরবর্তীতে জনসভার উপস্থাপক অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ এ ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করেন।
