২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবী মোহাম্মদ (সা.) এর কার্টুন ছাপার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

ডেনমার্কের একটি পত্রিকায় হজরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপার প্রতিবাদে হাজার হাজার মুসুল্লি শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

রাজধানী ঢাকায় প্রতিবাদ বিক্ষোভের সময় মুসুল্লিদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভরত মুসুল্লিরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ও অন্যান্য ইউরোপীয় নেতার কুশপুত্তলিকা দাহ করে এবং ডেনমার্কের পতাকায় আগুন ধরিয়ে দেয়। ইউরোপীয়-ক্রিশ্চিয়ান পণ্য বর্জন করতে তারা ধর্মপ্রাণ মুসুল্লিদের প্রতি আহ্বান জানায়।

শুক্রবার জুমআ’র নামাজের শেষে শত শত মুসুল্লি সম্মিলিত ইসলামী দলের ব্যানারে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে।

সম্মিলিত ইসলামী দলের ব্যানারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিজবুত তাহরির বাংলাদেশ, জামায়াতে ওলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতুল মুদাছছিরিন, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন বিক্ষোভ মিছিলে যোগ দেয়।

বায়তুল মোকাররম থেকে বিক্ষোভকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর গুলশানের ডেনমার্ক দূতাবাস ঘেরাও করতে সেখানে মিছিল নিয়ে যেতে চাইলেও পুলিশের বাধার কারণে তাদেরকে কাকরাইল ক্রসিং পর্যন্ত গিয়েই থেমে যেতে হয়।

কাকরাইল থেকে বায়তুল মোকাররমে ফেরার পথে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে কয়েকজন বিক্ষোভকারী সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।