জোট সরকারের মধ্যে ইসলামী মূল্যবোধ নেই: গণফোরাম ও তরিকত ফেডারেশনের মতবিনিময়ে নেতাদের অভিমত
গণফোরাম ও তরিকত ফেডারেশনের নেতারা বলেছেন, বিএনপি ও জামায়াত জোট সরকার ইসলামী মূল্যবোধের নামে দেশে মওদুদিবাদ ও স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেছে। ওদের মধ্যে ইসলামী মূল্যবোধ বলতে কিছুই নেই।
বৃহস্পতিবার গণফোরাম কার্যালয়ে সংগঠণের দুই সংগঠণের শীর্ষ নেতাদের মত বিনিময় অনুষ্ঠানে তারা এ মত প্রকাশ করেন।
আগামী নির্বাচনে যাতে ক্ষমতাসীন জোট সরকার ক্ষমতায় আসতে না পারে, সে জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সভায় দুই সংগঠনের শীর্ষ নেতারা একমত পোষণ করেন।
এতে গণফোরামের পক্ষে সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ডা. আব্দুল হাকিম, অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, মোস্তফা মহসীন মন্টু এবং তরিকত ফেডারেশনের পক্ষে চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, প্রেসিডিয়াম সদস্য হাবিবুল বশর মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও শাহনূরে বেলাল উপস্থিত ছিলেন।
এতে জাতীয় ঐক্যমঞ্চ ও বিকল্প ধারার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
মতবিনিময় শেষে জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আলোচনায় দুই সংগঠন জোট সরকারের কবল থেকে দেশকে মুক্ত ও একটি অর্থবহ পরিবর্তনের জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেছে। দুই সংগঠন অসাম্প্রদায়িক সমাজ ও সৎ মানুষের সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে আদর্শ ও নীতিগতভাবে একমত।
তিনি বলেন, এ সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে। আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটি অর্থবহ পরিবর্তনের দুই সংগঠন একযোগে কাজ করবে।
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ফেডারেশন গণফোরামের জঙ্গিবাদ, কালো টাকা, জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থানের সাথে নীতিগতভাবে একমত। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে একটি কার্যকর ও অর্থবহ পরিবর্তনের জন্যে ফেডারেশন সর্বশক্তি দিয়ে কাজ করবে।
তিনি বলেন, জোট সরকার ইসলামী মূল্যবোধের কথা বললেও তাদের মধ্যে ইসলামের রেশমাত্র নেই। সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারে মোনাজাত করে নির্বাচন শুরু করলেও খালেদা ওই মাজারে হামলার পর দেখতে পর্যন্ত যাননি। অথচ ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলার পর বিদেশী গোয়েন্দা সংস্থা এনে তদন্ত করেছেন। প্রকৃতপক্ষে ইসলামী মূল্যবোধ বা মাজার নয়, বিদেশী শক্তিই তাদের কাছে বড় কথা।
