মানুষ হত্যা করে আ.লীগের ঘাড়ে দায় চাপানোর নোংরা খেলা বন্ধ করুন, মানুষ আর বিএনপিকে ভোট দেবেনা: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে সন্ত্রাসী লালন ও বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর নোংরা খেলা বন্ধ করুন। দেশবাসীর কাছে আপনার মুখোশ খুলে গেছে।
দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর পরিবারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আর বিএনপি জামাত জোটকে ভোট দেবে না।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি ও বিএনপি থেকে বেশ কিছু সংখ্যক নেতা কর্মীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যোগদানকারীদেরসহ দলের সর্বস্তরের নেতা কর্মী এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জোট দুঃশাসনের কবল থেকে জাতিকে মুক্ত করার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে জাতীয় পার্টির (এ) ভাইস চেয়ারম্যান সাবেক জেল সুপার জাহাঙ্গীর আলম, জাপা’র (মঞ্জু) ভাইস চেয়ারম্যান ও পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ওহাব আলী সরকার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক বজলুল হাসান চন্দন শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। জাতীয় পার্টি ও বিএনপির বেশ কিছু সংখ্যক নেতা কর্মী তাদের সঙ্গে আওয়ামী লীগে যোগ দেন।
শেখ হাসিনা তাদের দলে স্বাগত জানিয়ে বলেন, আপনারা এমন এক সময়ে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হলেন, যখন সারা দেশের মানুষ বিএনপি জামাত জোট দুঃশাসনের আগুণে জ্বলছে। জোটের অত্যাচার নির্যাতনে গোটা বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ এমনিতেই দিশেহারা। অন্যদিকে দুর্নীতিবাজ সরকার দাতাদের শর্ত পূরণ করে ঋণ নিতে আবার ডিজেলসহ জ্বালানির দাম বাড়াচ্ছে। অথচ এই বিপুল পরিমাণ ঋণের বোঝা সামলাতে হবে দেশের মানুষকে। শোধ দিতে গরিব জনগণকে। জোটের দুর্নীতির কারণে আজ প্রতিটি শিশুকে মাথাপিছূ পাঁচ হাজার ডলারের ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
