২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ বা বাংলা ভাই নয়, প্রধানমন্ত্রীই জেএমবি প্রধান: এসসিবিএ

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ বৃহস্পতিবার বলেছেন, শায়খ আবদুর রহমান বা বাংলা ভাই নয়, প্রধানমন্ত্রী নিজেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পরিষদের নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি-জামাত জোট সরকারই জেএমবিকে সৃষ্টি করেছে। দেশের প্রধান সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যখাতে প্রবাহিত করতে সরকার বোমা হামলা চালানোর ক্ষেত্রে জেএমবিকে ব্যবহার করছে।

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও নবনিযুক্ত দু’জন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়ার অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাপ্তাহিক মানববন্ধন কর্মসূচি পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন।

অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, সরকারের একটি পক্ষ ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের শুনানি স্থগিত রাখার মাধ্যমে প্রধান বিচারপতিকে বিতর্কিত করার চেষ্টা করছে। কেননা প্রধান বিচারপতি ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আদালতে অনুপস্থিত থাকবেন।

তিনি বলেন, প্রধান বিচারপতির কর্মকাণ্ড ইতোমধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে ২৫ জন এমএলএসএস নিয়োগ দেওয়া হয়েছে যাদের ১০ জনেরই বাড়ি প্রধান বিচারপতির জেলায়।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে সিইসি’র অপসারণ দাবি করে এসসিবিএ সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিচারপতি এমএ আজিজ তার দায়িত্ব পালনে শারীরিকভাবে সক্ষম নন।

সরকারকে ক্ষমতাচ্যুত করতে আইনজীবী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এসএএসপি সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট এমএ মান্নান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম ও অ্যাডভোকেট আজহেরুল্লাহ ভূঁইয়া।