ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকা কার্যালয়ে শেখ হাসিনার ছবি
ওয়াশিংটনের ইন্ডিপেনডেন্টস এভিনিউয়ের ভয়েস অব আমেরিকার প্রধান সম্প্রচার ভবনে বিশ্ব নেতাদের ছবি টানানো হয়েছে। এতে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার একটি ছবিও স্থান পেয়েছে।
শেখ হাসিনার ছবিটি সম্প্রতি সেখানে ঝুলানো হয়। শেখ হাসিনার ছবির পর জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির ছবিও সেখানে টানানো হয়েছে।
ওই গ্যালারিতে আরও যেসব রাজনীতিক নেতার ছবি স্থান পেয়েছে তারা হলেন, পোল্যান্ডের লেচ ওয়ালেসা, চেক রিপাবলিকের ভ্যাকল্যাব হ্যাবেল, পাকিস্তানের বেনজির ভুট্টো ও দক্ষিণ আফ্রিকার থাবো এমবেকি।
বিডিনিউজের বিশেষ প্রতিনিধি বুধবার ভয়েস অব আমেরিকার ওই গ্যালারি পরিদর্শন করতে গিয়ে বিশ্ব নেতাদের ছবির মধ্যে প্রথমেই শেখ হাসিনার ছবিটি দেখতে পান।
ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ভবনের নিচতলার মূল প্রবেশপথে বিশ্ব নেতাদের ছবি টানানোর সিদ্ধান্ত নেয়।
ছবির নিচে ছোট্ট ক্যাপশনে শেখ হাসিনার বক্তব্য থেকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘ভয়েস অব আমেরিকা গণতন্ত্র ও মানাবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।’
এদিকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না লাগিয়ে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি টানানোর বিষয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।
