বিচারক চুন্নুর বিরুদ্ধে তদন্ত করছে সংসদীয় কমিটি, এ অধিবেশনেই আসছে বিচার বিভাগ পৃথকীকরণ বিল
কার্যকর হওয়ার আগেই ২০০৪ সালে পাস হওয়া জন্ম নিবন্ধীকরণ আইনের সংশোধনী প্রস্তাব বিরোধী দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের আপত্তির মুখে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এতে তীব্র আপত্তি করেন।
বৈঠকে ঢাকার বিশেষ জেলা ও দায়রা জজ রেজাউল করিম খান চুন্নুর রাজনৈতিক কর্মকাণ্ড ও বিচার বিভাগ পৃথকীকরণের ওপর আলোচনায় সরকার দলীয় সাংসদ ও মন্ত্রী বিরোধী দলের তোপের মুখে পড়েন বলে কমিটি সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, বিচারক রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জ ৩ আসনে মনোনয়ন নিশ্চিত বলে বিবৃতি দিয়েছেন। একজন কর্মরত বিচারকের এ ধরনের বিবৃতি এবং ক্ষমতাসীন (বিএনপি) দলের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদান নজীরবিহীন। এতে জনগণের মধ্যে তীব্র বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বিচারক চুন্নুর এ ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগকে কলংকিত করেছে, তার কাছে কোন সাধারণ মানুষ নিরপেক্ষ বিচার পাবেনা। তাই তাকে চাকরিচ্যুত করতে বিরোধী দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
তিনি জানান, কমিটির বৈঠকে বিরোধী দলের এ দাবির সাথে সকলে একমত হয়েছেন। এ বিষয়ে আগামী বৈঠকে সিদ্ধান্ত জানানোর জন্য আইনমন্ত্রী সময় নিয়েছেন।
সভা শেষে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের জানান, বিচার বিভাগ পৃথকীকরণের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে চলতি অধিবেশনেই একটি বিল সংসদে উত্থাপিত হবে। বিলটি এ অধিবেশনেই পাস করা হতে পারে।
এদিকে, সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কমিটির বৈঠকে জন্ম নিবন্ধিকরণ আইনটি কার্যকর করার আগেই এর সংশোধনীকরণ প্রস্তাবটি উত্থাপিত হলে বিরোধী দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। প্রস্তাবিত বিলটি আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে নির্বাচন কমিশনে দু’জন বিচারক নিয়োগসহ দলীয়করণেরও তীব্র সমালোচনা করা হয়।
কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দীনের সভাপতিত্বে বৈঠক শেষে আইন মন্ত্রী বলেন, বিচারক চুন্নুর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে আগামী বৈঠকে রিপোর্ট দেওয়া হবে।
