তত্ত্বাবধায়ক সরকার প্রধান মনোনয়ন করতে হবে সবার সম্মতিতে: ১৪ দলের বিক্ষোভ সমাবেশে জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সকল দলের সঙ্গে আলোচনা করে সবার সম্মতির ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান মনোনিত করতে হবে।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন দুই নির্বাচন কমশিনারকে অপসারণ করতে হবে। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে।
বুধবার ১৪ দলের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে তিনি এসব দাবি জানান।
ঢাকা লংমার্চে বাধাদান, গণগ্রেপ্তার এবং অত্যাচার নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মুকুল বোস, আব্দুল মান্নান, হাজী মোহাম্মদ সেলিম, জাসদের সৈয়দ জাফর সাজ্জাদ, মীর আখতার হোসাইন, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কামরুল ইসলাম, ন্যাপের এমএ গণি এবং সাম্যবাদি দলের হারুন চৌধুরী।
মোহাম্মদ হানিফ বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি না মানলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সংস্কারের বাস্তবায়ন না করে নির্বাচন দিলে সেটিই হবে খালেদা জিয়ার শেষ নির্বাচন।
