২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলার পুনর্তদন্তের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পুনর্তদন্ত দাবির আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ সুপ্রিম কোর্ট মঙ্গলবার তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মামলার বাদী আব্দুল মজিদ খানের লিভ টু আপিলের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী উল্লেখিত সময়ের মধ্যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির জন্য নিয়মিত আবেদন দাখিল করতে বাদীকে উপদেশ দেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) হেলালউদ্দিন মোল্লা মঙ্গলবার বিডিনিউজকে বলেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে ট্রায়াল কোর্টে ঝুলে থাকা কিবরিয়া হত্যা মামলার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের আইনপ্রণেতা কিবরিয়া ও স্থানীয় আওয়ামী লীগের চার নেতা ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার নিহত হন।

সিআইডি’র সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান ২০০৫ সালের ২০ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান অভিযোগ করে বলেন, তাকে উপেক্ষা করে সিআইডি চার্জশিট তৈরি ও তা আদালতে দাখিল করেছে।

অ্যাডভোকেট খান ২০০৫ সালের ৪ মে মামলার পুনর্তদন্ত দাবি করে হবিগঞ্জ জেলা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করেন। তবে আদালত এ মামলা খারিজ করে দেন।

তখন অ্যাডভোকেট খান জেলা জজ কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। পেশকৃত চার্জশিট বাতিল ও পরবর্তী তদন্তের দিকনির্দেশনা চেয়ে আদালতের কাছে তিনি আবেদন জানান।

২০০৫ সালের ২১ নভেম্বর বিচারপতি শরিফুদ্দিন চাকলাদার ও বিচারপতি এএফএম আলী আসগরকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পুনর্তদন্তের আবেদন খারিজ করে দেন।

হাইকোর্ট তখন জানান, মামলাটি এখন ট্রায়াল কোর্টে রয়েছে। আর তাই এ মুহূর্তে মামলাটির পুর্নতদন্তের আদেশ দেয়ার কোন আইনগত ভিত্তি আদালতের নেই।

আদালত জানান, ট্রায়াল কোর্ট প্রয়োজন মনে করলে মামলাটি পুনর্তদন্ত করতে পারে।

ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট মাহবুবে আলম আবেদনকারীর পক্ষে এবং হেলালউদ্দিন মোল্লার সহযোগিতায় এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।

গত সপ্তাহে কিবরিয়া হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। মঙ্গলবার মামলাটির বিচার শুরু হওয়ার কথা ছিল।

চার্জশিটে উল্লেখিত মামলার অভিযুক্তরা হলেন- জমির আলী, জয়নাল আবেদীন জালাল, আয়াত আলী, শাহেদ আলী, তাজুল ইসলাম, সেলিম আহমেদ, জয়নাল আবেদীন ও আব্দুল কাইয়ুম চৌধুরী।