ঢাকার বিশেষ বিভাগীয় বিচারকের আবারও শাস্তি দাবি করেছে এসসিবিএ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের কাছে পাঠানো এক চিঠিতে আবারও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করায় ঢাকা ডিভিশনাল বিশেষ বিচারক মো. রেজাউল করিম চুন্নুকে চাকরি থেকে অপসারনের দাবি জানিয়েছে।
চিঠিতে এসসিবিএ সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বিএনপি’র রাজনৈতিক কর্মকান্ডে বিচারক চুন্নুর অংশগ্রহণ সংক্রান্ত প্রমাণাদি সংযুক্ত করেছেন।
চিঠিতে এসসিবিএ সাধারণ সম্পাদক বলেন, একজন সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ সিভিল সার্ভিসের জুডিশিয়াল সার্ভিসের সাধারন সম্পাদক হওয়া সত্ত্বেও রেজাউল করিম কয়েক মাস ধরে তাঁর নিজস্ব জেলা কিশোরগঞ্জে ক্ষমতাসীন বিএনপি’র রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন।
এর আগে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের অভিযোগ এনে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম ২০০৫ সালের ৩ আগষ্ট বিচারক চুন্নুকে চাকরি থেকে অপসারন করতে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এক বিবৃতিতে এসসিবিএ সভাপতি ও সাধারন সম্পাদক চুন্নুর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, চুন্নু সরকারের প্রশংসা করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ই্চছা তিনি বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্ত করেছেন। তার এ ভূমিকা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
এসসিবিএ নেতৃবৃন্দ বলেন, একজন কর্মরত বিচারকের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের বিষয়টি বিচার বিভাগকে আরো বিতর্কিত করেছে। এর ফলে আইনজীবী ও সাধারণ জনগণের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি, বিচারকের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের খবর পত্রিকায় প্রকাশিত হবার পর চাকরির শর্ত ভঙ্গের দায়ে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর উচিত ছিল তাকে শাস্তি প্রদান করা। কিন্তু তাদের নিরবতা অনুতাপের বিষয়।
