নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত অবস্থানে বিএনপি নেই: ছাত্রদল
ছাত্রদল নেতারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত অবস্থানে বিএনপি নেই। মাঠ পর্যায়ে বিএনপি - ছাত্রদলের দূরত্ব বাড়ছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে এ কথা জানান মফস্বল ছাত্রদল নেতারা।
মার্চ মাসের প্রথম সপ্তাহে ছয়টি বিভাগীয় শহরে বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এ প্রতিনিধি সভার জন্যই সোমবারের মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যের সময় সাংবাদিকদের মিলনায়তনে থাকতে দেওয়া হয়নি।
সভা সূত্র জানায়, তারেক রহমান নেতা - কর্মীদের দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার নির্দেশ দেন। তিনি বিরোধী দলের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন এবং জোট টিকিয়ে রাখার ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন।
এছাড়া, সূত্র জানায়, সংগঠনে যাতে নব্য ছাত্রদল আমদানি না হতে পারে সেদিকেও নেতা - কর্মীদের খেয়াল রাখতে বলেন তারেক রহমান।
মতবিনিময় সভায় ছাত্র নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী স্থানীয় বিএনপি নেতা এবং অতিথি নেতাদের কারনে ছাত্রদলসহ অঙ্গসংগঠনে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে।
জেলা সভাপতিরা বলেন, স্থানীয় বিএনপি নেতারা ছাত্রদল নেতাদের চাকরির সুপারিশ করেন না। কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভাল ফলাফল করা সত্ত্বেও ছাত্রদল নেতারা চাকরি পাননি।
ছাত্রদল নেতারা বিভাগীয় সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব - গ্রুপিং নিরসন করে ছাত্রদলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পরিবেশ সৃষ্টির জন্যে হাইকমান্ডের হস্তক্ষেপও কামনা করেন।
ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন এমপি, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুল, ছাত্রদল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ছাত্রদল নেতা জয়ন্ত কুমার কুন্ডু, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।
সভায় ৮৬ টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন।
