২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে মহাসমাবেশের মধ্য দিয়ে বিরোধী জোটের লংমার্চের সমাপ্তি

জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোটের চারদিনের লংমার্চ পুলিশের গণগ্রেপ্তার থেকে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনুগতদের হামলাসহ নানা বাধাবিঘ্ন পেরিয়ে পল্টন ময়দানের রোববারের ঐতিহাসিক মহাসমাবেশে যোগদানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া ও রূপসা থেকে পাথুরিয়ার লংমার্চ দেশের নানা অংশ পেরিয়ে বিরোধী জোটের হাজার হাজার লংমার্চকারী দীর্ঘ চারদিনের সাড়াজাগানো সফল রাজনৈতিক যাত্রা শেষে পল্টনের মহাসমাবেশে যোগ দেয়।

লংমার্চকালে বিরোধী জোটের নেতা-কর্মীরা পুলিশ ও ক্ষমতাসীন জোট সরকারের অনুগতদের বাধার সম্মুখীন হয়েছে। অন্যদিকে বিরোধী জোটের নেতৃবৃন্দের মতে, পল্টনের মহাসমাবেশকে ব্যর্থ করতে দেশজুড়ে পুলিশের হাতে বিরোধী জোটের বিশেষ করে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। পুলিশের গণগ্রেপ্তারের হাত থেকে বাদ পড়েনি সাধারন জনগণও। আর এ কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় আটকে থাকা সাধারণ লোকের ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী বিরোধী জোটের কয়েক হাজার কর্মী ও সাধারণ জনগণকে গ্রেপ্তারের ঘটনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রোববার গণগ্রেপ্তারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রোববার ভোর থেকেই বাস, ট্রাক, মটর বাইক এবং মাইক্রোবাসে চেপে বিরোধী জোটের হাজার হাজার নেতা-কর্মী রাজধানীর গাবতলী, উত্তরা, সায়েদাবাদ, কাঁচপুর সংলগ্ন বাংলাদেশ-চীন মৈত্রী সেঁতু-১ এবং কেরাণিগঞ্জ সংলগ্ন বাংলাদেশ-চীন মৈত্রী সেঁতু-২ এলাকা দিয়ে রাজধানীতে প্রবেশ করে।

অনেকে ট্রেনে এসে কমলাপুর দিয়ে এবং লঞ্চে এসে সায়েদাবাদ দিয়ে ঢাকায় প্রবেশ করে।

তবে যে যেভাবেই আসুক না কেন, লংমার্চকারীদের যাত্রা সহজ ছিল না। আইন রক্ষাকারী সদস্যরা দেশের অনেক স্থানে ব্যারিকেড স্থাপন করে লংমার্চকারীদের চলাচলে বাধা সৃষ্টি করেছে। আর ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনুগতদের হামলার ঘটনা তো ছিলই।

রাজধানীর সদরঘাট, মিরপুর, কাঁচপুর, গাবতলী এলাকায় পুলিশ ও ক্ষমতাসীন বিএনপি’র ক্যাডারদের হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ওই সব এলাকায় লংমার্চকারীদের স্বাগত জানাতে যে তোরণ তৈরি করা হয়েছিল, তাও ভেঙ্গে ফেলা হয়েছে।

বিরোধী জোটের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেছেন, তারা যেন রাজধানীতে প্রবেশ করতে না পারেন সে জন্য পুলিশ তাদের যাত্রাপথে বাধা তৈরি করে লংমার্চে বিঘ্ন ঘটিয়েছে।

পল্টনের আশেপাশে এলাকার মাইকের তার কেটে দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন তারা।

এদিকে, মহাসমাবেশস্থল পল্টন ময়দান ও তার আশেপাশের এলাকায় এবং রাজধানীর সকল প্রবেশদ্বারে সরকার পুলিশ, বিডিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সমন্বয়ে গড়া আট হাজারের মত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।

পুলিশ বলেছে, গত তিনদিনের অভিযানে ৪,৫০০ জনের মত লোককে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পুলিশ প্রশাসনের সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধা সত্ত্বেও বিরোধী জোটের নেতা-কর্মীরা রাজধানীতে প্রবেশ করতে সাধ্যমত চেষ্টা করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রোববার সকালে পুলিশের সহায়তায় বিএনপি’র ক্যাডাররা বিরোধী জোটের কর্মীদের উপর হামলা চালিয়ে ৩০ জনকে আহত করে।

বিডিনিউজের মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোববার সকাল ১১টার দিকে পুলিশ ও বিএনপি’র ক্যাডাররা হামলা চালিয়ে ২৫ জন বিরোধী জোটের কর্মীকে আহত করেছে।

মুন্সীগঞ্জে এক সংঘর্ষে হামলায় ছয়জন আহত হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ১৮জন রাজধানীমুখী লংমার্চকারীকে গ্রেপ্তার করে।

বিডিনিউজের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকামুখী লংমার্চকারীদের বহনকারী বাস ও ট্রাকের চলাচলে পুলিশ বাধা দেয়।

বিরোধী জোট অভিযোগ করে, পুলিশ ও সরকারি দলের ক্যাডাররা রাজধানীর ছয়টি প্রবেশদ্বারে হামলা চালিয়ে ও বিরোধী জোটের কর্মী-সমর্থকদের চলাচলে বাধা প্রদান করেছে।