বোমাবাজি ও জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক ভাঙতে ২৪১টি মামলায় গ্রেপ্তার ৫৯৭
সারাদেশে বোমাবাজি ও সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক ভেঙে দিতে সরকার এ পর্যন্ত ২১৪টি মামলার বিপরীতে মোট ৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে ১২১টি মামলার চার্জশিট দিয়ে ৩১টি মামলার বিচার কাজ শুরু হয়েছে। সাতটি মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর করা হয়েছে। আরো ৩৫টি মামলা ট্রাইবুন্যালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রোববার সংসদে শাহীনুর পাশা চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন একথা জানান।
মন্ত্রী আরো জানান, জঙ্গিগোষ্ঠির দুইজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করতে ইন্টারপোল রেডএলার্ট জারি করা হয়েছে। এছাড়াও জেএমবি’র মজলিশে শূরার দুইজন, দুইজন এহসার জোন কমান্ডার, আটজন এহসার জেলা কমান্ডার ও ১৭জন এহসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএম শাহীনুরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের পুলিশ স্টেশনগুলোকে কম্পিউটারাইজেশন প্রক্রিয়ার প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ১৫টি জেলায় মোট ১০৫টি থানাকে এর আওতায় আনা হবে।
গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে ২৬৬ জন এসআইসহ কনস্টেবল পদে মোট ৪২ হাজার ৩৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক শহীদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার আমলে মোট সাতটি মদের ব্যবসার লাইসেন্স ইস্যু করা হয়েছে।
