লং মার্চের জনসমুদ্রে শেখ হাসিনাকে সংসদে গিয়ে অনাস্থা প্রস্তাব আনার আহ্বান জানালেন ১৪ দলের নেতারা
১৪ দলের নেতারা লং মার্চের জনসমুদ্রে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সংসদে গিয়ে সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন।
নেতারা তাদের বক্তব্যে বলেন, আপনি সংসদে যাবেন; সংসদকে টিকিয়ে রাখার জন্যে নয়। সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব আনার জন্যে। তারা একই সঙ্গে তাকে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব আনার জন্যেও আহ্বান জানান।
তারা প্রধানমন্ত্রী ও সংসদ নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনি গণদাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব আনুন। তারপর সরকার থেকে পদত্যাগ করে স্বসম্মানে বিদায় নেন। অন্যথায় জনরোষ থেকে রেহাই পাবেন না।
বক্তারা লং মার্চকে কেন্দ্র করে ‘সরকারি দলের বাধা, পুলিশ ও ক্যাডার বাহিনীর হামলা ও গণগ্রেপ্তারের’ নিন্দা ও প্রতিবাদ জানান।
ঐতিহাসিক পল্টন ময়দানে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত লং মার্চের সমাপনী মহাসমাবেশে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বক্তব্য রাখেন।
ড. কামাল হোসেন বলেন, লং মার্চ সফল করে জনগণ এ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। তারা প্রত্যাখ্যাত হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ আন্দোলন করে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যে অর্থবহ নির্বাচন আদায় করার।
তিনি বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি। এটি শুধু ১৪ দলের দাবি নয়; ১৪ কোটি মানুষের দাবি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি - জামায়াত জোট সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। এ জন্যে তারা ১৪ দলের ওপর গ্রেপ্তার - নির্যাতন চালাচ্ছে। এভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত করে বলেন, আপনি নির্বাচনে ট্রাম্প কার্ড দেখাতে চান। আমরা নির্বাচনে আপনাকে ওভার ট্রাম কার্ড দেখাবো।
রাশেদ খান মেনন সরকারের উদ্দেশে বলেন, আপনারা বিনা বিচারে ক্রসফায়ারে মানুষ মারছেন। যখন জনগণের ক্রসফায়ার শুরু হবে, তখন ক্ষমা চেয়েও আপনারা ক্ষমা পাবেন না।
সুরঞ্জিত সেনগুপ্ত এমপি শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সংসদে যাবেন; সংসদ রক্ষা করার জন্যে নয়। সরকারের প্রতি অনাস্থা জানানোর জন্যই আপনার সংসদে যাওয়া প্রয়োজন।
হাসানুল হক ইনুও শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি শেষ বারের মতো সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব আনুন।
