২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে লংমার্চের বাধভাঙা জনস্রোত, সকলের দাবি জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই

জঙ্গিবাদের উত্থানে দেশ যখন কাঁপছে, তখন বাধভাঙ্গা জোয়ারের মতো জঙ্গিবাদের প্রতি ঘৃণা আর বিএনপি-জামাত জোট সরকারের প্রতি অনাস্থা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পল্টন ময়দানের জনস্রোতে যোগ দিতে এসেছিলেন হাজার হাজার নারী ও পুরুষ। তাদের সকলের দাবি, ‘জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

কেরানীগঞ্জের নব্বই বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী থেকে শুরু করে সবেমাত্র কৈশোর পেরোনো জুরাইনের আশ্রাফ সরকারি আদর্শ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শাহ মোহাম্মদ রাব্বানী এসেছিলেন মহাসমাবেশে।

এক পা নেই, ক্র্যাচে ভর করে পল্টনের মহাসমাবেশে এসেছিলেন সাব্বির। সে জাসদের লাল প্ল্যাকার্ড বহন করে মহাসমাবেশে যোগ দেয়।

‘এক পা নেই তো কি হয়েছে। আমার মতো বাংলাদেশেরও তো এখন এক পা নেই। জঙ্গিবাদের উত্থানে এখন গণতন্ত্র বিপন্ন। বেড়েছে অভাব আর দারিদ্র্য,’ বললেন সাব্বির। এসব কিছুর প্রতিবাদ জানাতেই সমাবেশে এসেছি। সাব্বির জাসদের ৮৯ ইউনিটের সাধারণ সম্পাদক।

জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে কয়েক হাজার নেতা কর্মী জমায়েতে জড়ো হন ওই উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে।

দুলাল বলেন, সরকার রাজনীতি, অর্থনীতি সব কিছুতে ব্যর্থ হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।

আজমত মিয়া (৫০)। রিকশা ভ্যান শ্রমিক লীগের ৬৮ নং ওয়ার্ডের সভাপতি।

তিনি বলেন, এই সরকারের আমলে বোমাবাজি বেড়েছে। গরীব মানুষ না খেয়ে মরছে। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা বাঁচতে চাই।

কেরানীগঞ্জের কদমতলী থেকে এসেছিলেন মোহাম্মদ আলী (৭০)। পেশায় বাবুর্চি। বয়সের ভার উপেক্ষা করে এসেছেন। শুধু কি আওয়ামী লীগ করেন বলেই? উত্তরে জানালেন, জোট সরকারের আমলে সব কিছুরই দাম বেড়েছে। আমাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। আমরা আর এ সরকারকে দেখতে চাই না।

তিনি বলেন, আমার মতো কমপক্ষে ৮০ জন বৃদ্ধ কেরানীগঞ্জ থেকে মিছিল নিয়ে এসেছে। আমরা তো মৃত্যুর শেষ সীমায় এসে পৌঁছেছি। মরার আগে দেশকে জামাত শিবির মুক্ত দেখতে চাই। জঙ্গিবাদ মুক্ত দেখতে চাই।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে এসেছিলেন ত্রিশোর্ধ্বো যুবক মঞ্জরুল ইসলাম।

তিনি জানান, আমরা এতো দূর থেকে এসেছি বিএনপি-জামাত সরকারের প্রতি আমাদের অনাস্থা জানাতে।

মঞ্জুরুল বলেন, ‘আমরা এ সরকারকে আর এক মুহূর্ত দেখতে চাই না। এ সরকারের আমলে বেকারত্ব বেড়েছে। বেড়েছে ক্ষুধা দারিদ্র্য। তাদের প্রত্যক্ষ মদদেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।

জাতীয় শ্রমিক জোটর ব্যানারে রাজধানীর রামপুরা থেকে ছোট ছোট লাল প্ল্যাকার্ড হাতে শিশু কোলে এসেছিলেন তাহেরা বেগম। ধুলা ধুসরিত পল্টন ময়দান। হাজার জনতার মুহুর্মুহু ধ্বনি আর মাইকের শব্দে ছোট শিশুটি একটু যেনো বিপর্যস্ত। তিনি জানালেন, “তাতে কি? এই ছোট্ট শিশু নিয়েই তো ফ্যাক্টরিতে কাজ করি। তখন তো কেউ খেয়াল রাখে না। সমাবেশে এসেছি কারণ এই সরকারকে শ্রমিক সমাজ আর চায় না। বিএনপি আমাদের কোন উন্নতি করেনি।

গৃহপরিচারিকার কাজ করেন রাশিদা বেগম (৫০)। স্বামী সাব্বির আহমেদ দীর্ঘ দিন যাবত অসুস্থ্য। সমাবেশে এসেছিলেন রাজধানীর ৯০ নম্বর ওয়ার্ড থেকে। বললেন, ‘জিনিসপত্রের দাম, সন্ত্রাস আর বোমাবাজি মুক্ত দেশ চাই’। এজন্য সমাবেশে এসেছি। 

একই মিছিলে ছিলেন সাথী বেগম (২৫)। ছয় মাসের সন্তান সম্ভাবা। এই শরীরে কেনো এলেন? সমাবেশে যদি কোন অঘটন ঘটে তাহলে তো শিশুসহ আপনার ক্ষতি হবে? প্রশ্নের উত্তরে জানান, বেঁচে তো আছি না বাঁচার মতো। আমার স্বামী মনির হোসেনও সমাবেশে এসেছেন। যদি মরি সবাই একসাথে মরবো। আর বাঁচলে ভালোভাবে বাঁচতে চাই। জঙ্গি আর বোমাবাজির মধ্যে বাঁচতে চাই না।