২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ঢোকার অপেক্ষায় লংমার্চকারী ১৪ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী

বিভিন্ন স্থানে গণগ্রেপ্তার, পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজনের বাধা সত্ত্বেও লংমার্চে অংশ নেয়া সরকারবিরোধী জোট ১৪ দলের লাখ লাখ নেতাকর্মী রাজধানীর আশপাশের জেলাগুলোতে এসে পৌঁছেছে। রোববার পল্টন এসে তিন দিনের এ লংমার্চ কর্মসূচি শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লংমার্চে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতা-কর্মীরা রোববার যাত্রাবাড়ী, টঙ্গী, গাবতলী এবং কেরানীগঞ্জের মধ্য দিয়ে রাজধানীতে প্রবেশ করবে।

লংমার্চকারীরা রোববার বেলা ২টার মধ্যে পল্টন ময়দানে এসে পৌঁছাবে। মহাসমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা জোটের পরবর্তী সরকারবিরোধী কর্মসূচির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পদত্যাগের দাবিতে লংমার্চকারীরা তাদের যাত্রাপথে ‘খালেদা জিয়া সরকার নিপাত যাক’, ‘প্রধান নির্বাচন কমিশনার ও নবনিযুক্ত দুই কমিশনার অপসারন কর’সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তারা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবির পক্ষেও শ্লোগান দেয়।

লংমার্চকালে ১৪ দলের বিরোধী জোট চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, ফেনী, টঙ্গী, সিরাজগঞ্জ, রাজবাড়ী, মুন্সীগঞ্জ এবং টাঙ্গাইলে শনিবার সমাবেশ ও পথসভা করেছে।

গাবতলী, উত্তরা আজমপুর মাঠ, সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, কাঁচপুর সংলগ্ন বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ এবং কেরানীগঞ্জ সংলগ্ন বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-২সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে রোববার রাজধানীতে প্রবেশকালে লংমার্চকারীদের ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভ্যর্থনা জানাবেন।

যানজটের সম্ভাবনা বিবেচনা করে পুলিশ বিভাগ বিরোধী জোটের নেতা-কর্মীদের বহনকারী পরিবহনের পার্কিংয়ের ব্যবস্থা নিয়েছে। সূত্র জানিয়েছে, বিরোধী জোটের অনেক কর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছে অবস্থান নিয়েছে।

টানা তিনদিনের মত ক্ষমতাসীন জোট সরকারের অনুগত পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে বিরোধী জোটের কর্মীদের গ্রেপ্তার, বিভিন্ন জেলায় ব্যারিকেড স্থাপনের মাধ্যমে লংমার্চে বাধা প্রদান এবং লংমার্চকালীদের ওপর হামলা অব্যাহত রেখেছে বলে ১৪ দলের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত প্রায় দুই হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর থানাগুলো এখন আটককৃতদের কারণে ভরে গেছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে বিরোধী দল নেতা শেখ হাসিনা বলেছেন, গণঅভ্যূত্থানের সম্ভাবনায় ভীত হয়ে লংমার্চ ব্যর্থ করে দিতে সরকার ৮,০০০ বিরোধী কর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে হাসিনা বলেন, দলীয় ক্যাডারদের মত আচরণ করবেন না। এটি কোনো মঙ্গল বয়ে আনবে না।

এদিকে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে শেষ করতে সরকার সহযোগিতা করছে।

অন্যদিকে ১৪ দলের সমন্বয়কারী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি অভিযোগ করেছেন, লংমার্চ ব্যর্থ করতে সরকার সবধরনের প্রস্তুতি নিয়েছে। ক্ষমতাসীন সরকারের কর্মী ও ক্যাডাররা লংমার্চ ব্যর্থ করতে দেশের বিভিন্ন অংশে বেরিয়ে পড়েছে।

এদিকে বিডিনিউজ-এর সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ব্যুরো অফিস, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, ফেনী, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ প্রতিনিধিরা বিরোধী জোটের লংমার্চ, বিভিন্ন সমাবেশ, পথসভা, পুলিশের গ্রেপ্তার এবং ব্যারিকেডের বিভিন্ন খবর পাঠিয়েছে।

প্রতিনিধিরা জানান, ট্রাক, বাস, মাইক্রোবাস এবং মোটরবাইকে চেপে বিরোধী জোটের কর্মীরা এখন রাজধানীর দিকে ছুটছেন।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ক্ষমতাসীন জোট সরকারের ব্যারিকেড এবং পুলিশের গণগ্রেপ্তার উপেক্ষা করে স্পিডবোট, ফেরি ও নৌকায় করে দক্ষিণাঞ্চলীয় ২৩টি জেলা থেকে শত শত কর্মী-সমর্থক আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের নেতৃত্বে কালিখোলা ময়দানে এসে উপস্থিত হয়।

টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে লংমার্চের উদ্দেশে ছেড়ে আসা শত শত বাস, ট্রাক ও মাইক্রোবাস ফেনীতে এসে পৌঁছেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন।

উত্তরাঞ্চলীয় জেলা থেকে বিরোধী জোটের কর্মী-সমর্থকরা ঢাকায় পৌঁছাতে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে সিরাজগঞ্জ ত্যাগ করেছে।

রাজবাড়ী থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, পুলিশ লংমার্চকারীদের বাধা দিতে রাস্তায় ব্যারিকেড স্থাপন করেছে এবং গোয়ালন্দ ক্রসিংয়ে সমাবেশের জন্যে তৈরি করা মঞ্চ ভেঙে দিয়েছে। শুক্রবার ভোর থেকে রাস্তায় বড় গাছ ফেলে পুলিশ যানবাহন চলাচলে বাধা দিচ্ছে বলে জানা গেছে।

এদিকে রোববার পল্টন ময়দানের মহাসমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ সূত্র জানায়, মহাসমাবেশে অংশগ্রহণকারীরা যেন বিরোধী জোট নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারেন, সে জন্যে পল্টন ময়দান ও তার আশপাশের এলাকায় ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে।

নাশকতামূলক তৎপরতা প্রতিরোধ করতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড দিয়ে পল্টন ময়দানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।