লংমার্চে যেখানেই বাধা, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লংমার্চে বাধা দিলেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। যার যা কিছু আছে, তাই নিয়ে এ জালিম ও নির্যাতনকারি সরকারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন।
তিনি বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে, সেখানেই অবস্থান নিন। ৫ ফেব্রæয়ারি ঢাকায় আসতে না পারলে ৬ ফেব্রুয়ারি আসবেন। ওইদিনও বাধা দিলে ৭ ফেব্রুয়ারি আসবেন। সরকার আমাদের কতদিন বাধা দিয়ে রাখতে পারে, তাই দেখবো।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মোহাম্মদ সফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. ইয়াফেস ওসমান, সংগঠনের উপদেষ্টা সহদেব কুমার বৈদ্য ও সাধারণ সম্পাদক আব্দুর রব ভূঁইয়া।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দলীয়করণের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। তারা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে। সব স্বৈরাচার সরকারই এ প্রচেষ্টা করে। কিন্তু সবার সব আশা পূরণ হয়না।
তিনি বলেন, সরকার পতনের লংমার্চে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। লংমার্চে যোগ দেওয়া লোকজনকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি বিএনপি ও জামাতের ক্যাডাররাও লংমার্চকারিদের বাধা দিচ্ছে। কিন্তু এটা করে মানুষকে ঠেকানো যাবে না। মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে।
বিরোধী দলীয় নেত্রী বলেন, বর্তমান সরকার জঙ্গিদের লালনকারি ও আশ্রয়দাতা। তারা জঙ্গিদের আশ্রয় দান, সন্ত্রাসী লালন, লুটপাট ও দূর্নীতি করে হাজার হাজার কোটি বিদেশে পাচার করছে। আগামীতে সুযোগ পেলে তাদের সম্পদের পাই পাই হিসাব নেওয়া হবে।
এর আগে দুপুরে আটকে পড়া পাকিস্তানিদের পৃথক দু’টি প্রতিনিধিদল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তার ধানমন্ডির কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের নেতারা শেখ হাসিনাকে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবি-দাওয়া সম্পর্কে অবহিত করেন।
তিনি তাদের অভিযোগ ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
