লংমার্চকে কেন্দ্র করে টঙ্গি থেকে আরও ১৩৯ জন আওয়ামী সমর্থক আটক
আওয়ামী লীগসহ ১৪ দলের ঢাকা লংমার্চ কর্মসূচিতে সরকারি বাধার অংশ হিসেবে পুলিশ শনিবার ভোর রাতে টঙ্গি এবং এর আশপাশের এলাকা থেকে আরও ১৩৯ আওয়ামী নেতা-কর্মীকে আটক করেছে।
পুলিশ জানায়, জিয়া বিমানবন্দর, উত্তরা, টঙ্গি, তুরাগ জয়দেবপুরের বিভিন্ন এলাকায় শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৩৯ জন নেতা, কর্মী এবং সমর্থককে আটক করা হয়।
এদের মধ্যে জিয়া বিমানবন্দর থেকে ১১ জন, উত্তরা থেকে ৩৮ জন, টঙ্গি থেকে ৪৩ জন, জয়দেবপুর থেকে ১৬ জন এবং তুরাগ থেকে ৩১ জনকে আটক করা হয়েছে।
টঙ্গি থানার ডিউটি অফিসার এএসআই টুটুল বিডিনিউজকে জানান, টঙ্গি পৌর এলাকার ১২টি ওয়ার্ডে পুলিশ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করে।
উত্তরা থানা ডিউটি অফিসার এএসআই শাহিদা বিডিনিউজকে জানান, উত্তরা থেকে ওয়ার্ড এবং ইউনিয়নের নেতা-কর্মীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের সবাইকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন আদালতে পাঠানো হয়েছে।
