২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে এ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেছেন, লংমার্চের মধ্যদিয়ে মানুষের ভেতরে জাগরণ সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে শুক্রবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এ সরকারের দুঃশাসন, নির্যাতন, খুন, দুর্নীতি, জঙ্গি তৎপরতা, ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের অবস্থান সৃষ্টি হয়ে যাচ্ছে। সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে গুণ্ডা, সন্ত্রাসী, গডফাদার, প্রশাসন ও আইনশৃক্সখলা রক্ষাকারীদের দিয়ে লংমার্চে বাধা দিচ্ছে। তারা পাঁচ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তিরি আরও বলেন, তারা মনে করছে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন স্তব্ধ করে দেবে। অন্যায় অত্যাচার করে তা কেউ কোনোদিন পারেনি।

বৃহস্পতিবার টুঙ্গীপাড়া সফরে গিয়ে শুক্রবার ঢাকা ফিরে আসেন শেখ হাসিনা। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।