২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংমার্চ: সরকার-বিরোধী দল মুখোমুখি, বাধা গণগ্রেফতার লাঠিচার্জ টিয়ার শেল ও রাবার বুলেট উপেক্ষা করে ঢাকার পথে লাখো জনতা

আওয়ামী লীগসহ ১৪ দলের ৫ ফেব্রুয়ারির ঢাকা লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি। দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে টানটান উত্তেজনা। লংমার্চ নিয়ে ক্রমেই ঢাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে ১৪ দলের নেতা কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আর এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে তল্লাশির নামে হয়রাণি, ধড়পাকড়, গণগ্রেফতার এবং অত্যাচার নির্যাতন। জামালপুরসহ বিভিন্ন স্থানে পুলিশের হামলা লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে শতাধিক ব্যক্তি। চট্টগ্রামে মঞ্চ ভাংচুর, মাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিরোধী দলের অভিযোগ, পুলিশসহ পুরো প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের বড় ধরণের এই রাজনৈতিক কর্মসূচিকে বানচালের সকল ধরণের প্রক্রিয়া চালাচ্ছে সরকার। সরকার দলীয় কর্মী ও সশস্ত্র ক্যাডাররাও দেশের বিভিন্ন স্থানে লংমার্চ পণ্ড করতে তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয় সূত্র ও ১৪ দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ লাখো জনতা জোট সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে সকল বাধা উপেক্ষা করে রাজধানী অভিমূখে এগিয়ে আসছেন। ‘খালেদা-নিজামী সরকার নিপাত যাক’, ‘সিইসি’র পদত্যাগ চাই’ ইত্যাদি শ্লোগান দিয়ে তারা ঢাকা অভিমুখে অগ্রসর হচ্ছেন বলে বিডিনিউজ’র প্রতিনিধি এবং আয়োজক সূত্রে জানা গেছে। তারা নির্বাচন কমিশন ও তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের পক্ষেও বিভিন্ন দাবি তোলেন।

১৪ দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতা কর্মীরা শনিবার সন্ধ্যার মধ্যে রাজধানীর আশপাশের জেলাগুলোতে অবস্থান নেবেন। রোববার সকাল থেকেই মিছিল সহকারে তারা একযোগে ঢাকায় প্রবেশ করবেন। দুপুরের মধ্যেই জনতার নগরীতে পরিণত হবে রাজধানী।

সারাদেশ থেকে আগত নেতা কর্মীদের অভ্যর্থনা জানাতে নগরীর গাবতলি, উত্তরা আজমপুর মাঠ, সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কাঁচপুর সংলগ্ন বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ ও বুড়িগঙ্গা কেরানিগঞ্জ সংলগ্ন বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-২ সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান নেবেন ১৪ দলের কেন্দ্রীয় অভ্যর্থনাকারী দল।  

সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে রাজধানী অচল করে দিয়ে জোট সরকার পতন এবং অবাধ নির্বাচনের ব্যবস্থার দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায় বিরোধী দল। রোববার ঢাকা অভিমুখী লংমার্চের মূল কেন্দ্র থাকবে ঐতিহাসিক পল্টন ময়দান।

এখানে আয়োজিত সমাবেশ থেকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ পল্টন ময়দানের কেন্দ্রীয়  মঞ্চে উপস্থিত থাকবেন।

এদিকে লংমার্চ সফল করার লক্ষ্যে আওয়ামী লীগসহ ১৪ দল সর্বাতœক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন পর্যায়ে চলছে প্রস্তুতি বৈঠক,  সভা সমাবেশ, মিছিল ও গণসংযোগ। শনিবার বিকেলে ঢাকা নগরীর প্রতিটি থানায় অনুষ্ঠিত হবে পৃথক মিছিল সমাবেশ। শুক্রবার ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

লংমার্চ সফলের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক জনসভার আয়োজন করে। হাবিবুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শ্রমিক লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, রায় রমেশ চন্দ্র প্রমুখ।

সকালে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বশির আহমেদ বাসির। বক্তব্য রাখেন ওবায়দুল কাদের, মির্জা আজম এমপি, মুজিবুর রহমান চৌধুরী, ফজলুল হক আতিক, মাইনুল হোসেন খান নিখিল ও মহিউদ্দিন আহমেদ মহি।

রাতে মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ। বক্তব্য রাখেন ওমর আলী, আওলাদ হোসেন, নজিবুল হক সর্দার প্রমুখ।

এছাড়া, লংমার্চ সফলের লক্ষ্যে পল্লবী, উত্তরা, সবুজবাগ, তুরাগসহ নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ শুক্রবার প্রস্তুতি সভা, সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

লংমার্চ সফলের লক্ষ্যে সৈয়দ জাফর সাজ্জাদের নেতৃত্বে জাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার নগরীর যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, পোস্তগোলা, সিদ্ধিরগঞ্জ, সুত্রাপুরসহ বিভিন্ন থানা ও নারায়নগঞ্জ, কেরানিগঞ্জে গণসংযোগ করেন।

এদিকে লংমার্চ ঢাকায় পৌঁছার আগে অংশগ্রহণকারীরা পথে বিভিন্ন স্থানে সমাবেশে যোগদান করছেন। বিরোধী জোটের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট এলাকার লংমাচের্র নেতৃত্ব দিচ্ছেন।

লংমার্চ ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে চলছে ব্যাপক ধরপাকড় ও গণগ্রেফতার।

বিডিনিউজ প্রতিনিধিদের পাঠানো সংবাদ: নেত্রকোনায় লংমার্চে পুলিশের হামলায় আওয়ামী লীগসহ ১৪ দলের অর্ধশত নেতা কর্মী আহত হয়েছেন। ৫ জনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লংমার্চের মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ১০ জন নেতা কর্মীকে।

জামালপুরে লংমার্চ বহরে পুলিশের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। পুলিশের হামলা, লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ, ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় জেলার বক্সিগঞ্জ এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এখান থেকে ১০ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে।

পটুয়াখালিতে লংমার্চের গাড়িতে পুলিশ বাধা দিলে নেতা কর্মীরা দীর্ঘ পথ পায়ে হেঁটে বাকেরগঞ্জের জনসভায় যোগ দেন।

শেরপুরে লংমার্চের মিছিলে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষুব্ধ জনতা শেরপুর-ঢাকা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

বাগেরহাটে ১৪ দলের লংমার্চকে সামনে রেখে জেলার ৯টি থানা এলাকা থেকে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগসহ ১৪ দলের প্রায় একশ’ নেতা কর্মীকে।

গাজীপুর জেলার পাঁচ থানায় পুলিশ শুক্রবার আওয়ামী লীগসহ ১৪ দলের অর্ধশতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করেছে।

মুন্সিগঞ্জে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ১৫ জন। ঝিনাইদহে গ্রেফতার হয়েছে শতাধিক নেতা কর্মী।

ফেনীতে গ্রেফতার হয়েছে ৩০ নেতা কর্মী। নোয়াখালিতে গ্রেফতার হয়েছে ৩০ জন।

লক্ষ্মীপুরে গ্রেফতার করা হয়েছে ২০ জন আওয়ামী লীগ নেতা কর্মী। চাঁদপুরে গ্রেফতার হয়েছে ২৫ জন। রাঙ্গামাটিতে গ্রেফতার করা হয়েছে প্রায় ৭০ জন।

নরসিংদীতে লংমার্চ ঠেকাতে পুলিশ ব্যাপক ধড়পাকড় চালাচ্ছে। গ্রেফতার এড়াতে অনেকে বাড়িতে থাকতে পারছেন না।

সারাদেশে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা, তল্লাশি, গণগ্রেপ্তার ও পথে পথে বাধার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঢাকা অভিমুখে ১৪ দলের লংমার্চ শুরু হয়।

টেকনাফে শ্রমিক দলের আকষ্মিক আহুত সড়ক অবরোধ কর্মসূচী, গণগ্রেপ্তার, ট্রাক ও বাস দিয়ে ব্যরিকেড সৃষ্টি এবং কড়া পুলিশ প্রহরার মধ্য দিয়ে ১৪ দলের ঢাকা অভিমুখী লংমার্চ কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ শহর থেকে শুক্রবার যাত্রা শুরু করে। রাতে লংমার্চটি চট্টগ্রাম এসে পৌঁছে। এর আগে পথের বিভিন্ন স্থানে বাধা, ব্যারিকেড, মাইক কেড়ে নেয়া, মঞ্চ ভাংচুরের মতো ঘটনা ঘটনা ঘটে। চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন স্পটে সমাবেশে বতৃতা করেন।

লংমার্চ শুরুর দিনেই সারা দেশ থেকে  কমপক্ষে পাঁচশ’ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানায়। দ্বিতীয় দিনে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে গণগ্রেফতারের শিকার হয়েছে আরও দু’সহস্রাধিক।

তবে ১৪ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত দু’দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ সহস্রাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। শুধুমাত্র ঢাকা থেকেই গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিক নেতা কর্মী। বিরোধী নেতা কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে ব্যাপক হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।

১৪ দলের সমন্বয়কারী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, সরকার তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডারদের লেলিয়ে দিয়ে এবং পুলিশ দিয়ে গণহারে গ্রেপ্তার করে বিরোধী জোটের নেতা-কর্মীদের জেলে রাখার মাধ্যমে লংমার্চ ব্যর্থ করতে চাইছে। লংমার্চে অংশগ্রহণকারীরা জোট সরকারের প্রতি অনাস্থা জানিয়ে ঢাকা অবরোধ করতে চলেছে এবং এই কর্মসূচির সাফল্যে সরকার এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

অন্যদিকে শুক্রবার এক বিবৃতিতে আব্দুল জলিল বলেন, ব্যর্থ ও দুর্নীতিবাজ জোট সরকার লংমার্চ কর্মসূচি ভণ্ডুল করতে গত তিন দিনে বিনা কারণে দেশব্যাপী আওয়ামী লীগসহ ১৪ দলের হাজার হাজার নেতা কর্মী, সমর্থক ও নিরীহ মানুষকে গ্রেফতার, হয়রানি, মিথ্যা মামলা দায়ের, দমন পীড়ন ও অত্যাচার নির্যাতন চালাচ্ছে।

এতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে দিশেহারা সরকার নির্যাতনের এই ভুল পথ বেছে নিয়ে দুঃশাসন পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে স্বৈরাচারি সরকার শেষ রক্ষা করতে পারবে না। অত্যাচার নির্যাতন ও গ্রেফতার বন্ধ করে অবিলম্বে পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদসহ বিভিন্ন দল ও সংগঠন লংমার্চ কর্মসূচিকে বানচাল করতে সরকারের গণগ্রেফতার এবং অত্যাচার নির্যাতনের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানায়।