চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মিজান চৌধুরীর দাফন সম্পন্ন
প্রবীন রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার বিকাল ৫টায় চাঁদপুরের পুরাণবাজারে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
ঢাকা থেকে সড়ক পথে মরহুমের লাশ চাঁদপুর আনার সময় শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুরের সরকারি কলেজ মাঠে বিকাল ৪টায় প্রায় ১০ হাজার লোকের অংশগ্রহণে মরহুমের প্রধান নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের এমপি এমএ সুলতান টিটু, কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী, ড. মহীউদ্দিন খান আলমগীর, শফিকুর রহমান ভূইয়া, ডিসি তাহেরুল ইসলাম, এসপি আলমগীর রহমানসহ অনেক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মরহুমের জানাজায় অংশ নেন। এ সময় তারা কফিনে ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মহান এই নেতার মৃত্যুতে চাঁদপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
