সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে হবে: ড. কামাল হোসেন
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসীদের লালন পালন করছে। যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রশাসনে দলীয় লোক নিয়োগের মাধ্যমে দলীয়করণ করা হচ্ছে।
নব্বই এর গণআন্দোলনে স্বৈরাচার নিপাত গেলেও গণতন্ত্র এখনো মুক্তি পায়নি। বিএনপি বিচারপতি সুলতান হোসেন খানকে তত্ত্বাবধায়ক সরকারে নিয়োগের সময় অযোগ্য দাবি করে নিয়োগে বাধা দিয়েছিল। সেই বিএনপিই আবার তাকে যোগ্য মনে করে দূর্নীতি দমন কমিশনের প্রধানের পদে বসিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া গণফোরাম আয়োজিত বৃহস্পতিবার বিকেলে আধুনিক মার্কেটের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন, জোট সরকার নির্বাচন কমিশনে দলীয় লোক বসিয়েছে। বর্তমানে প্রচলিত নির্বাচন ব্যবস্থার সংস্কার করে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনার করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া গণফোরাম আহ্বায়ক ড. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম কামাল, মোস্তফা মহাসীন মন্টু প্রমুখ।
