সুন্দরবনে হরিণ শিকারের সাথে বনবিভাগের কর্মীরা জড়িত নয়: বনমন্ত্রী
বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার ও এর সাথে বন বিভাগের কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করলে মন্ত্রী বলেন, এ ধরনের কাজের সাথে বন বিভাগের কর্মীদের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। বরং ১৫ লাখ একরের সুন্দরবনে হরিণ শিকারের ঘটনা ঘটলে ওই কর্মীরা অপরাধীদের আটক করে আইনে সোপর্দ করে।
অপর সাংসদ আলী আসগর লবির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমার সরকার ক্ষমতায় আসার পর সুন্দরবন থেকে মোট ২৬ কোটি ৬০ লাখ ৬৮ হাজার ১৬০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
অধ্যাপক শহীদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, লোকসানী প্রতিষ্ঠান বন শিল্প উন্নয়ন কর্পোরেশন গত দুই অর্থবছরে ২২ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা লাভ করেছে। এর মধ্যে ২০০৪-০৫ অর্থবছরে ১৮ কোটি সাত লাখ ৬৪ হাজার এবং ২০০৩-০৪ অর্থবছরে চার কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা।
মন্ত্রী জানান, সরকারের বেসরকারিকরণ নীতিমালার আওতায় কর্পোরেশনের ১৪টি শিল্পের মধ্যে সাতটি ইউনিটকে পে অফ করা হয়েছে।
সাংসদ এস এ খালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৪-০৫ অর্থবছরে দেশে ৪৬ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে চার কোটি ২৯ লাখ ২২ হাজার ১০০টি গাছের চারা রোপন করা হয়েছে।
