বর্ষিয়ান রাজনীতিক মিজান চৌধুরী আর নেই
বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রখ্যাত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী আর নেই।
ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে মিজান চৌধুরী বৃহস্পতিবার রাত পৌনে ৪ টায় মৃত‚্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও অনুসারি রেখে গেছে।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন। দেশে -- বিদেশে একাধিকবার তাঁর চিকিৎসা হয়। এর আগে ২১ জানুয়ারি থেকে চিকিৎসকরা গুরুতর অবস্থায় অসুস্থ নেতাকে কৃত্রিম শ্বাস -- প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার ভোরে মিজান চৌধুরীর মৃত্যুর খবরে তার আত্মীয় -- স্বজন, শুভাকাঙ্ক্ষি ও দলীয় নেতারা হাসপাতালে ভীড় করেন। রাজনৈতিক অঙ্গণে নেমে আসে শোকের ছায়া।
সকালে তার লাশ গুলশান ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়।
মৃত্যুর খবর শুনে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে যান। তিনি মরহুমের কফিনে পুস্পার্ঘ নিবেদন করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, সৈয়দ আবুল হোসেন, মেজর (অব:) রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও নূর এ আলম চৌধুরী লিটন।
এছাড়াও আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় পার্টির (জাপা-এরশাদ) কাজী জাফর আহমদ, শাহ মোয়াজ্জেম হোসেন, এবিএম রুহুল আমিন হাওলাদার, জেপি’র (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ মরহুমের বাসভবনে যান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার সকালে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে। পরে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ প্রয়াত নেতার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
বিকেল তিনটায় তার লাশ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হবে। সেখানে দলীয় নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে।
দলীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে প্রয়াত নেতা মিজান চৌধুরীর লাশ চাঁদপুরের শাহরাস্তি ও হাজিগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হবে। উভয় স্থানে তার পৃথক পৃথক নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে চাঁদপুর সরকারি কলেজে তার শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এরপর তাঁকে চাঁদপুরে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
প্রয়াত নেতা মিজানুর রহমান চৌধুরীর এক দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।
দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মিজান চৌধুরী ১৯৬২ সালে প্রথম পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (স্বতন্ত্র) হিসেবে নির্বাচিত হন। ওই বছরেই তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তিনি ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমদসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ গ্রেফতার হলে ১৯৬৬ ও ১৯৬৭ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। স্বৈর শাসন বিরোধী আন্দোলনে ১৯৬৭ সালে তিনি গ্রেফতার হন।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন মিজান চৌধুরী। ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালের নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
তিনি ১৯৮৪ সালে এইচএম এরশাদের নেতৃত্বাধীন জনদল ও পরে জাতীয় পার্টিতে যোগদান করেন। সে সময় তিনি দেশের প্রধানমন্ত্রীও নিযুক্ত হন।
তিনি ২০০১ সালের ২৭ আগস্ট আনুষ্ঠানিভাবে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।
তার তিনি স্ত্রী এখনো জীবিত রয়েছেন। তার চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে এক মেয়ে গত বছর তাকে দেখতে এসে হৃদরোগে মৃত্যুবরণ করেন।
