২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের লংমার্চ শুরু

বিরোধী ১৪ দলের নেতাকর্মীরা ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের পতনের দাবীতে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে এক লংমার্চ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

৫ ফেব্রুয়ারি লংমার্চটি ঢাকায় এসে প্রধান নির্বাচন কমিশনার ও সম্প্রতি নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনারদ্বয়ের পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবীতে পল্টনে এক সমাবেশ করবে।

এদিকে সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সিলেটের এক বিশাল জনসভায় সরকারের প্রতি সতর্কবানী উচ্চারন করে বলেছেন সরকার বিরোধী এই লং মার্চে কোনো রকম বাধা দিলে তারা আরও কঠিন আন্দোলনে নামবেন।

বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত দেশের কোনো প্রান্ত থেকেই লং মার্চে বাধা বিঘ্নের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু বিরোধী দল অভিযোগ করেছে যে লং মার্চকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে বিরোধী দলীয় অনেক নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার উদ্দেশ্যে এই লং মার্চ দেশের চারটি প্রান্ত থেকে শুরু হয়েছে। দেশের উত্তরে তেতুঁলিয়া থেকে দক্ষিন-পশ্চিমে বরগুনা থেকে উত্তর-পূর্বে সিলেট থেকে এবং দক্ষিন-পূর্বদিকে টেকনাফ থেকে লং মার্চ ঢাকার দিকে এগিয়ে আসছে । শুক্রবার আরও অন্তত ৯ টি জায়গা থেকে হাজার হাজার মানুষ লং মার্চে যোগদান করবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই লং র্মাচগুলো বাস ও ট্রাকভর্ত্তি হাজার হাজার বিক্ষোভকারীদের নিয়ে যাত্রাবাড়ী ,টঙ্গী, গাবতলী ও কেরানীগঞ্জ-এই চারটি পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশ করে পল্টন ময়দানে সমবেত হবে।

৫ ফেব্রুয়ারি পল্টনের এই জনসভায় আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।