বিরোধী দলবিহীন সংসদে আলোচনা ছাড়াই দুইটি বিল পাস
চেক প্রত্যাখান জনিত মামলা দায়েরের পূর্বে চেকদাতাকে গ্রহীতার নোটিশ জারির পদ্ধতি সংযোজন ও এ ধরনের মামলায় শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ অপব্যবহার রোধে বুধবার জাতীয় সংসদে ‘দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) বিল, ২০০৬’ পাস হয়েছে।
বিরোধী দল বিহীন সংসদে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিলটি সংসদে উপস্থাপন করলে কোন প্রকার আলোচনা ছাড়াই তা কন্ঠভোটে পাস হয়।
এছাড়া একইভাবে কোন আলোচনা ছাড়া ‘ওষুধ নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০০৬’ কন্ঠভোটে পাস করা হয়।
স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করেন।
বিলের উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রী সংসদে বলেন, ঔষুধের আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বৃদ্ধি, বাজার থেকে ক্ষতিকর ঔষুধ প্রত্যাহার এবং প্রয়োজনীয় ঔষুধের মানসম্মত উৎপাদন, সরবরাহ ও ওষুধ শিল্পে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করতে প্রচলিত আইনের সংস্কার করে বিলটি উপস্থাপন করা হয়।
বিল দুটির ওপর জাতীয় পার্টি (জাপা-এরশাদ) সদস্যরা সংশোধনী প্রস্তাব দিলেও বিলটি পাসের সময় তারা সংসদ কক্ষের বাইরে ছিলেন।
