জাপা সাংসদদের কয়েক দফায় অধিবেশন ত্যাগ, বিরোধীদলের অনুপস্থিতিতে ২টি বিল পাস
প্রধান বিরোধী দল আওয়ামী লীগবিহীন সংসদের বৈঠকে বুধবার একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি (জাপা-এরশাদ) সদস্যরা কথা বলতে না পারার প্রতিবাদে ৩০ মিনিটের জন্যে সংসদ কক্ষ ত্যাগ করেন।
সূত্র জানায়, কথা বলতে না পারার অভিযোগে জাপা সাংসদরা মঙ্গল ও বুধবার কয়েক দফায় নীরবে সংসদ কক্ষ ত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের আগ মুহূর্তে হুইপ রেজাউল বারী ডিনার মধ্যস্থতায় তারা আবারো ফিরে আসেন।
জাপা ও প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে কোনো আলোচনা ছাড়াই দু’টি বিল কন্ঠভোটে পাস হয়। পাস হওয়া বিল দুটি হলো ‘দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) বিল ২০০৬ এবং ‘ঔষুধ নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০০৬’।
এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ‘বেসরকারী নিরাপত্তা সেবা বিল, ২০০৬ এবং ‘এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০০৬ সংসদে উপস্থাপন করেন।
ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে বাতিল নোটিশের ওপর আলোচনা, ৭১ বিধিতে তিনটি নোটিশের নিস্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন বিএনপির সুলতানা আহমেদ, নূর আফরোজ জ্যোতি, আব্দুল মোতালেব আকন্দ, জাতীয় পার্টির (জাপা-এরশাদ) শাহ মোহাম্মদ সোলায়মান আলম এবং জামাতে ইসলামীর আব্দুল খালেক মণ্ডল।
সংসদের বৈঠক বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
