গাজীপুরে বোমা হামলায় নিহত ৪ আইনজীবীর পরিবারকে এসসিবিএ’র ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান
গত বছরের ২৯ নভেম্বর গাজীপুর বার লাইব্রেরিতে বোমা হামলায় নিহত চার আইনজীবীর পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন।
বুধবার দুপুরে গাজীপুর বার লাইব্রেরি মিলনায়তনে ব্যারের নেতৃবৃন্দ প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।
নিহত আইনজীবী আমজাদ হোসেনের পক্ষে তার স্ত্রী ফাতেমা বেগম, গোলাম ফারুকের পক্ষে স্ত্রী লিপি আক্তার, আনোয়ারুল আযমের স্ত্রী আমেনা আক্তার ঝর্ণা এবং নুরুল হুদার বাবা আবুল কাশেম চেক গ্রহণ করেন।
গাজীপুর জেলা বারের সভাপতি মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবে আলম, সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিম, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, নুরুল আলম প্রমুখ।
