খালেদা জিয়া খুনি গডফাদারদের লালন পালন করছেন: সিলেট বিভাগীয় মহাসমাবেশে শেখ হাসিনা
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুনি গডফাদারদের লালন পালন করছেন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছিল বলে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক অভিযোগের জবাবে শেখ হাসিনা বুধবার বলেন, সারাদেশে কে খুনি গডফাদারদের পৃষ্ঠপোষকতা করছে? আপনি (খালেদা জিয়া) দেশের ১১১জন সন্ত্রাসী গডফাদারকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে বসে আছেন। আপনার আশেপাশের সকল লোক খুনী এবং জঙ্গিবাদের সুইচ আপনার হাতে।
আওয়ামী লীগ সভানেত্রী বুধবার বিকেলে সিলেট বিভাগীয় শহরের রিকাবিবাজার এলাকায় বিশাল সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বোমাহামলা, দুর্নীতি, রাজনীতিকরণ এবং স্বজনপ্রীতি প্রতিরোধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে পবিত্র নগরী ও দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান।
বিরোধী ১৪ দলীয় জোটের সংস্কার প্রস্তাব সম্পর্কে জনগণকে সচেতন করতে ঢাকার বাইরে আয়োজিত এটি বিরোধী জোটের তৃতীয় বিভাগীয় মহাসমাবেশ। এর আগে তারা খুলনা ও রাজশাহীতে মহাসমাবেশ করে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার সম্পর্কে হাসিনা কঠোর ভাষায় বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকার বাধ্য হয়ে সংস্কারের দাবি মেনে নেবে।
শেখ হাসিনা বলেন, জনগণের সম্পদ ব্যাপকভাবে লুট করার কারণে জনগণ কখনো প্রধানমন্ত্রীকে ক্ষমা করবে না। তিনি বলেন, গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে তিনি (প্রধানমন্ত্রী) সারাদেশে কলঙ্ক লেপন করেছেন এবং ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আনতে ভীতি সঞ্চারের মাধ্যমে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরি সংক্রান্ত হাই কোর্টের রায়ের প্রতি সরকার বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। কিন্তু জনগণকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে তা প্রতিহত করতে হবে।
বর্তমান সরকার সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার কঠোর সমালোচনা করে হাসিনা বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের উপর উন্নয়নের জোয়ার বয়ে গেছে, তৃণমূল পর্যায়ের জনগণের নয়।
বিএনপি-জামাতের শীর্ষ সিন্ডিকেট সবকিছু দখল করে নিয়েছে বলে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যারা দিন আনে দিন খায়, তারা দেশে কোন উন্নয়ন দেখতে পায় না। এটি হচ্ছে গ্রেনেড হামলা, হত্যা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উন্নয়ন।
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত জোট সরকার স্থানীয় বাজার আমদানিকৃত পণ্য দিয়ে ছেয়ে ফেলার মাধ্যমে স্থানীয় বাজারকে অন্য দেশের বাজারে পরিণত করেছে। আর ঋণের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
সিলেটে বিশাল সমাবেশের সময় বিভাগীয় শহর কার্যত অচল হয়ে পড়ে। আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ভীড়ে সমাবেশস্থল ও এর আশেপাশের অঞ্চল জনসমুদ্রে পরিণত হয়।
মহাসমাবেশে অন্যান্যর মধ্যে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হাসানুল হক ইনু, নুরুল ইসলাম, দিলীপ বড়ুয়া, মঈন উদ্দিন খান বাদল, স্থানীয় সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী, সিলেট সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আবুল মাল আব্দুল মুহিত, নুরুল ইসলাম নাহিদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বক্তব্য রাখেন।
