মানুষের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চান, পদত্যাগ করুণ: প্রধানমন্ত্রীকে ড. কামাল
প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জোট সরকারের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান মানুষ হত্যা ও আইন অমান্যের জন্য প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রী-এমপিদের মানুষের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাইতে হবে। ব্যর্থ জোট সরকারকে পদত্যাগ করে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বুধবার সিলেটে ১৪ দলের বিশাল মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।
নগরীর রিকাবি বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ড. কামাল সরকারের বিরুদ্ধে আইন, সংবিধান ও নিয়ম নীতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, সংবিধান ও রায় অমান্য করা এ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। দলীয় হীন স্বার্থে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার ও ধ্বংস করছে। দেশে যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হয়, সেজন্য পরিকল্পিতভাবে অশুভ প্রক্রিয়া শুরু করেছে।
প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, এ সরকারের দিন শেষ। এই দুর্নীতিবাজ, সংবিধান লঙ্ঘনকারী ব্যর্থ সরকারের অন্যায় নির্দেশ পালন করতে গিয়ে সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেনা।
