হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন
আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রণয়ন ইস্যুতে হাইকোর্টের দেওয়া নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) বুধবার সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করেছে।
ইসি’র পক্ষে আপিলের কৌঁসুলি অ্যাড. খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ইসি’র পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আপিলটির শুনানি অনুষ্ঠিত হবে।
হাইকোর্ট ৪ জানুয়ারি দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এক রায়ে ভোটার তালিকা প্রণয়ণে ইসি'কে ২০০০ সালে ভোটার তালিকা অনুসরণের নির্দশ প্রদান করে।
আটার বা ততোধিক বয়সের কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং মৃত ও অনুপস্থিত ভোটারের ব্যাপারেও বিদ্যমান ভোটার তালিকা মেনে চলতে হাইকোর্ট নির্দেশনা প্রদান করে।
নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ ১ জানুয়ারি থেকে শুরু হয়।
দুজন নির্বাচন কমিশনারের মতামত না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের একতরফা সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা প্রণয়নের বিষয়টিকে চ্যালেঞ্জ করে বিরোধী দলের তিনজন নেতা দুটি রিট আবেদন দায়ের করেন।
বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনগুলোর নিষ্পত্তি করেন।
হাইকোর্টের ওই বেঞ্চ মামলার রায়ে কিছু নির্দেশনা প্রদান করে। ওই নির্দেশনায় ইসি'কে অনুপস্থিত ভোটারদের তালিকাভুক্তি নিশ্চিত করতে বলা হয়।
হাইকোর্টের নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন কমিশনের সকল সিদ্ধান্তই সর্বসম্মত হতে হবে। পত্র বা নোট নয় বরং প্রত্যক্ষভাবে সবাইকে নির্বাচন কমিশনের ব্যাপারে সর্বসম্মত হতে হবে।
হাইকোর্টের রায়ে বলা হয়, সাংবিধানিকভাবে ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। নির্বাচন কমিশন সে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে সংবিধান ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুসারে তা চাইতে হবে।
হাইকোর্টের নির্দেশনায় আরও বলা হয়, কোনও রাজনৈতিক দলের প্রভাবে বা এক বা একাধিক রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে ইসি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার জানান, কিছু ভোটার এখনও তালিকাতুক্ত হওয়ার বাকি রয়েছে, তাই ভোটার তালিকা প্রণয়নের কাজ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
