প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার দাবি জানিয়েছে এসসিবিএ
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য বুধবার প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ)।
এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ২০০৫ সালের ২০ অক্টোবরে বিচার বিভাগ পৃথক করতে চার মাস সময় চেয়ে আবেদন করার পর থেকে সরকার অব্যাহতভাবে আদালত অবমাননা করে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের আরও সময় প্রার্থনা করাও অবজ্ঞাসূচক আচরণ। এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে সরকারের আবারও সময় চাওয়ার প্রতিবাদে বুধবার সকালে সুপ্রিম কোর্টের প্রবেশ পথে এসসিবিএ এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি পরবর্তী সমাবেশে তিনি সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।
সমাবেশে এসসিবিএ সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম বলেন, ২০ অক্টোবর সময় চেয়ে করা সরকারের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরও বিচার বিভাগ পৃথক করতে বারবার সময় চেয়ে আদালতের আদেশ অবমাননা করায় আমরা প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বিরুদ্ধে স্যুয়োমোটো আদেশ জারির দাবি জানিয়েছি।
বারবার সময় চেয়ে বিচার বিভাগ পৃথক করার ক্ষেত্রে সরকারের বিলম্বের প্রতিবাদে এসসিবিএ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা প্রদর্শন করে।
সমাবেশে অন্যান্যের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) সদস্য অ্যাড. সুব্রত চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাহারা খাতুন এবং হাইকোর্টের সাবেক বিচারক অ্যাড. এএফএম মেজবাহউদ্দিন বক্তব্য রাখেন।
সমাবেশে বিচার বিভাগ পৃথক করার ক্ষেত্রে বিলম্ব করার মাধ্যমে সুপ্রিম কোর্টের ১২ দফা আদেশ অবমাননার জন্য সরকারের নিন্দা জানানো হয়।
