২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাজার জিয়ারত করলেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরুর আগে রোববার দুপুর আড়াইটায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন। তিনি রোববার সকাল সাড়ে ১০ টায় সড়ক পথে ঢাকা থেকে সিলেট রওনা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর সিলেট পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা রাস্তার দুইধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানান। সিলেট পৌঁছে তিনি প্রথমে সার্কিট হাউজে উঠেন। সেখানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানসহ স্থানীয় সাবেক সাংসদ ও নেতারা তাঁকে স্বাগত জানান।

দুপুর ২টা ২৫ মিনিটে খালেদা জিয়া সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন এবং সেখানে তিনি নফল নামাজ আদায় করেন। এসময় তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। পরে তিনি শহর থেকে ১২ কিলোমিটার দূরে খাদিমনগরে হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন।

আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেটে আড়াই ঘন্টা অবস্থানকালে খালেদা মাজার জিয়ারত ছাড়াও সার্কিট হাউজে জেলা চারদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান।

বৈঠকে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী, ইলিয়াস আলী এবং সিলেট জেলার চারদলীয় নেতারা উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে চারটায় তিনি সিলেট সার্কিট হাউজ থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।