২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের প্রতি অবিচার করা হয়নি: ফজলুল হক

আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক রোববার বলেছেন, এরশাদের প্রতি অবিচার করা হয়েছে কি না তা আমি বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রতি অবিচার করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রার্থিতা সংক্রান্ত আপিল খারিজ হওয়ার পর সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ফজলুল হক বলেন, “নির্বাচন কমিশন অত্যন্ত সুদক্ষ লোক দ্বারা পরিচালিত। তারা কারো প্রতি অবিচার করতে পারেন, তা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু করবেন না।”

তিনি বলেন, “নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে জড়িত। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। এ বিষয়ে উপদেষ্টা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কিছুই করার নেই।”

নির্বাচন বর্জন ও মহাজোটের আন্দোলনের হুমকি প্রসঙ্গে আইন উপদেষ্টা বিস্ময় প্রকাশ করে বলেন, “কোনো ব্যক্তির নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা না থাকার পরেও তাকে প্রার্থী করার সুযোগ দিতে হবে। এটা কেমন কথা ?”

সব দল নির্বাচনে অংশ নেবে কি না-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে কে যাবে, কে যাবে না সেটা তাদের নিজস্ব বিষয়।”