থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে কড়া নিরাপত্তা
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে পুলিশ ও র্যাবের বিশেষ টহল জোরদার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার পরে নগরীর বিভিন্ন হোটেল এবং ক্লাব ও বস্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি টিম অভিযান চালানোর কথা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীতে ৫৮টি স্পট চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পুলিশ ও র্যাবের টহল শুরু হবে রাত ৮টা থেকে। বারিধারা কূটনৈতিক পাড়া ও বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ দপ্তর জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইটে কেউ রাস্তায় বের হয়ে মাতলামি অথবা উচ্চ গতিতে গাড়ি চালালে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
পুলিশের সহকারি মহাপরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, র্যাব ও পুলিশের সমন্বয়ে সারাদেশে ফার্টি ফার্স্ট নাইটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, এই দিনে সেনাবাহিনীর কোনো তৎপরতা থাকবে না। তিনি একইসঙ্গে জনগণকে উচ্ছৃঙ্খল আচরণ না করার অনুরোধ জানিয়েছেন।
দোকানগুলোতে আতশবাজি বিক্রির ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এই রাতে কোথাও কারও কাছে নেশাজাতীয় দ্রব্য ও পানীয় পাওয়া গেলে তার বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
