২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শনিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি বরকত উল্যা বুলু ও বিএনপির সাবেক এমপি এমএ হাশেম গ্রুপের মধ্যে তিন ঘণ্টাা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

এ সময় কয়েকটি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি মেসবাহউল হক মিঠু, খবরপত্র প্রতিনিধি আজিজ ও বেগমগঞ্জ থানার এসআই সজীব।

বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, রেলওয়ে বাজারে বরকত উল্যা বুলুর সমর্থনে আয়োজিত সমাবেশের পাশ দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এমএ হাশেম গ্রুপের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ শুরু হয়।

দুইপক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা করে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং টাইগার কামাল নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। বেগমগঞ্জ থানার এসআই সজীব জানান, অস্ত্রটির লাইসেন্স আছে বলে কামাল দাবি করলেও কাগজপত্র দেখাতে পারেননি।

জেলা যুবদল সাধারণ সম্পাদক কামাখ্যা চন্দ্র দাস গ্রেপ্তারকৃত কামালকে এমএ হাশেমের দেহরক্ষী দাবি করেছেন। তিনি অভিযোগ করেন এমএ হাশেম সমর্থকরা হেলমেট মাথায় দিয়ে তাদের সমাবেশে হামলা চালায়।

হাশেম সমর্থক বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লা আল বাকী অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বুলু সমর্থকরাই বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে হাশেম গ্রুপ পরে চৌমুহনী বড় পুল চত্বরে সমাবেশ করে।

অন্যদিকে, বিকেলে সংবাদ সম্মেলন করেছে বুলু গ্রুপ।