২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন পত্র প্রত্যাহারের পাশাপাশি ক্ষমা চাইলেন খোকন

আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন। পাশাপাশি তিনি এক বিবৃতির মাধ্যমে ক্ষমাও চেয়েছেন দলের কাছে। এর ফলে খায়রুল কবির খোকনের ওপর বিএনপির বহিষ্কারাদেশ কার্যকর হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে খায়রুল কবির খোকন বলেন, “বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া নরসিংদীর গর্ব। তিনি নরসিংদী-১ আসনে মনোনয়ন পেয়েছেন, এতে আমি এবং নরসিংদীবাসী সবাই আনন্দিত। মান্নান ভূঁইয়া কেবল বিএনপির মহাসচিবই নন, বিশিষ্ট রাজনীতিক ও নরসিংদীর উন্নয়নের রূপকারও। আমরা বিএনপি মহাসচিবকে আসন্ন নির্বাচনে ওই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করতে এক হয়ে কাজ করব।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “মান্নান ভূঁইয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করতে আমাকে জড়িয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা সঠিক নয়। আমি তার একনিষ্ঠ কর্মী।”

প্রসঙ্গত, নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকনকে মনোনয়ন না দিতে জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুবদলের সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ সেলিমসহ ২৪ জন নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ জানালে দলের পার্লামেন্টারি বোর্ড দলের মহাসচিব মান্নান ভূঁইয়াকে ওই আসনে মনোনয়ন দেয়।

কিন্তু খায়রুল কবির খোকন ওই সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র দাখিল করেন এবং দলের মহাসচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। এর পরিপ্রেক্ষিতে খায়রুল কবির খোকনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে এ সংক্রান্ত চিঠি জারির মুহূর্তে মহাসচিবের নির্দেশে তা স্থগিত করে খোকনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেয়।