২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের কর্মসূচি সম্পর্কে ৩ জানুয়ারির পর সিদ্ধান্ত নেবেন উপদেষ্টারা

মহাজোটের ঘোষিত নতুন কর্মসূচি ও দাবি-দাওয়া সম্পর্কে ৩ জানুয়ারির পর সিদ্ধান্ত নেবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নির্বাচন করতে পারবেন কি-না ৩ জানুয়ারি এটা জানার পর মহাজোটের কর্মসূচি চূড়ান্ত হবে বলে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপদেষ্টা ধারণা করছেন।

উপদেষ্টারা আরও মনে করেন, শুক্রবার মহাজোট যেসব দাবি-দাওয়া পেশ করেছে তা নতুন কিছু নয়। এসব বিষয় মেনেই মহাজোটের সবাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচনমুখী হয়েছেন সবাই।

উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেন, “মহাজোটের ঘোষিত দাবি-দাওয়া শুরু থেকেই শুনে আসছি। এসব বিষয় নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে। এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না।”

উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ বলেন, “মহাজোটের দাবিগুলো নতুন কিছু নয়। এসব দাবি-দাওয়া আগেও ছিল। আর আমি মনে করি, যেকোনও রাজনৈতিক দলেরই দাবি-দাওয়া উত্থাপন করার অধিকার রয়েছে।”

ইয়াসমীন মুর্শেদ আরও বলেন “সংবিধান যাতে লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদের দাবির বিষয়ে অবশ্যই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করব।”

উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বসে মহাজোটের ঘোষিত কর্মসূচি ও দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এ বিষয়ে এখন আর কোনও মন্তব্য করব না।”

মহাজোটের দাবি-দাওয়ার বিষয়ে প্রায় একই ধরনের মন্তব্য করেছেন দুই উপদেষ্টা অধ্যাপক (এ্যামিরেটাস) সুফিয়া রহমান ও অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন খান।

তাদের মূল বক্তব্য ছিল, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাবেন। তবে অবশ্যই সংবিধান সমুন্নত রেখে সকল চেষ্টা অব্যাহত রাখবেন তারা।

এছাড়া দুই উপদেষ্টা প্রায় একই সুরে বলেন, মহাজোটের উত্থাপিত দাবি দাওয়ার মধ্যে অনেক বিষয় আছে যা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে প্রয়োজনে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা।