২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনে এরশাদের আবেদনের শুনানি রোববার?

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দায়ের করা আবেদনের শুনানি হতে পারে রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া শনিবার সাংবাদিকদের বলেন, রোববার সকাল ১০টা থেকে বিভিন্ন প্রার্থীর দায়ের করা আপিলের ক্রমিক নম্বর অনুসারে সারাদিন ধরে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষ না হলে ঈদের দিন বিকাল ও মঙ্গলবারও চলবে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, পাঁচটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ার বিরুদ্ধে এরশাদের দায়ের করা আবেদনের ক্রমিক নম্বর ১৭ থেকে ২১।

এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম শনিবার দুপুর ৩টায় সাংবাদিকদের বলেন, আপিলের শুনানি কখন হবে তা জানতে তিনি নির্বাচন কমিশনে এসেছেন। কমিশনের আইন কর্মকর্তারা রোববার সকাল ৯টায় তাকে নির্বাচন কমিশনে থাকতে বলেছেন।

সিরাজুল ইসলাম অভিযোগ করেন, “সাবেক রাষ্ট্রপতি এরশাদ একজন বৈধ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা ন্যায় বিচার পাইনি। আশা করি কমিশনের কাছে ন্যায় বিচার পাব।”

এদিকে, নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার শনিবার বঙ্গভবনে যান। তবে এর কারণ সম্পর্কে সাংবাদিকদের কাছে তিনি মুখ খোলেননি।